আজ ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করবে বিএনপির তিন অঙ্গ সংগঠন

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির তিনটি অঙ্গ সংগঠন যৌথভাবে আজ রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ কর্মসূচির ডাক দিয়েছে। খবর বাসসের।

গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা উল্লেখ করে জানানো হয়েছে, রোববার (আজ) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাই–কমিশন অভিমুখে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারক লিপি প্রদান করা হবে। গতকাল শনিবার সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এক যৌথ সভা থেকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এক যৌথ বিবৃতিতে নেতা–কর্মীদের রোববার যথাসময়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৩০ জন গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে অর্থ সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধ৫ দিন ব্যাপি এপিক প্লাজা বিক্রয় মেলার উদ্বোধন