আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার

পটিয়া ও কর্ণফুলী

আজাদী ডেস্ক | রবিবার , ৩০ নভেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

পটিয়া ও কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পটিয়া : পটিয়ায় কোলগাঁও ইউপি যুবলীগের সহ–সভাপতি ও মুজাফরাবাদ কলেজে চুরির মামলার সন্দেহভাজন দুইজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সহ–সভাপতি মো. করিম প্রকাশ রহিম মেম্বার (৪৫), লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া সেনেরহাটের বাসিন্দা মো. শহিদ ইসলাম (২০) ও পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খিল এলাকার মো. কামাল হোসেন (২৮)। এরমধ্যে করিমকে পটিয়া থানার একটি মামলায় এবং অপর দুইজনকে চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কর্ণফুলী : কর্ণফুলীতে মো. ওসমান গণি (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জুলধা ডাঙ্গারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওসমান জুলধা ১ নং ওয়ার্ডের আব্দুস ছবুর সওদাগরের ছেলে এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানায় পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম। ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

পূর্ববর্তী নিবন্ধকমরেড আহসানউল্লাহ চৌধুরীর শোকসভা
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে স্তন ক্যান্সার স্ক্যানিং ও সচেতনতা ক্যাম্পেইন