আইআইইউসির সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং হাদিস ক্লাবের আয়োজনে সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘স্মার্ট ইউজ অব এআই অ্যাজ এ লার্নিং টুল ফর শরিয়াহ স্টুডেন্টস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। তিনি এআই ব্যবহারে সচেতনতা, তথ্য যাচাই ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রযুক্তিকে সহায়ক মাধ্যম হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের নিজস্ব মেধা ও চিন্তাশক্তির বিকাশ ঘটাতে হবে। সভাপতিত্ব করেন সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবুল কালাম। তিনি বলেন, গবেষণা ও শিক্ষামূলক কাজে এআই গুরুত্বপূর্ণ হলেও এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।
প্রথম সেশনে আইটি ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ও ত্রিপলির সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. জালাল উদ্দিন এআই টুলসের কার্যকর ও গবেষণাভিত্তিক ব্যবহার নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে সায়েন্সেস অব হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার লাইভ ডেমোনস্ট্রেশন ও অংশগ্রহণমূলক উপস্থাপনার মাধ্যমে এআইর স্মার্ট ব্যবহার নিয়ে সেশন পরিচালনা করেন। সমাপনী বক্তব্য রাখেন হাদিস ক্লাবের সভাপতি ড. নাজমুল হুদা সোহেল। প্রেস বিজ্ঞপ্তি।








