অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বিদ্যালয় ও কলেজে গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল। এটি ছিল একটি গণযুদ্ধ। এই যুদ্ধের মহানায়ক ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে মেয়র অপর্ণাচরণ স্কুল ও কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন ও কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চট্টগ্রামের একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এখানে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করছি। তিনি ছাত্রীদের পড়ালেখার প্রতি আরও মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, সমাজে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তোমাদেরকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অপর্ণাচরণ কর্পোরেশন বিদ্যালয় ও কলেজের পরিচালনা পরিষদের সদস্য ওমর আলী ফয়সাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জারেকা বেগম, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী দিলদার হোসেন, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন।












