চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) প্রস্তাবিত ৭ সদস্য বিশিষ্ট নতুন এ্যাডহক কমিটি অনুমোদিত হয়েছে। গত ১৩ এপ্রিল ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটির নাম প্রস্তাব করা হয়েছিল।
গত ৩০ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৯ এর ধারা : ২(১৫) এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা : ২(৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক স্মারকে এই অনুমোদনের কথা জানা যায়। অনুমোদিত কমিটিতে জেলা প্রশাসক, চট্টগ্রামকে সভাপতি ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ সালাউদ্দিন (হাজী সালাউদ্দিন) কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন পুলিশ সুপার, চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম,উপ পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম,জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম, শফিকুল ইসলাম তুহিন, স্থানীয় ক্রীড়াবিদ। দায়িত্ব বুঝে নেয়া এই এ্যাডহক কমিটির ৯০ দিনের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা আছে। জাতীয় ক্রীড়া পরিষদের বিশেষ ক্ষমতা অনুচ্ছেদ–২৮: ২৮.৩ এ বলা হয়েছে সভাপতি সদস্যদের মধ্যে দাায়ত্ব বন্টনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনা করিবে। এই কমিটি ৯০(নব্বই) দিনের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্নের লক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন কমিশন গঠন করিবে। নির্বাচন সম্পন্ন হইবার পর এ্যাডহক কমিটি নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নিকট যথানিয়মে দায়িত্ব হস্তান্তর করিবে। উল্লেখ্য যে,এ্যাডহক কমিটির কোনো সদস্য উক্ত নির্বাচনে অংশগ্রহন করতে পারিবেন না। এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী সালাউদ্দিন গতকাল রাতে বলেন, তিন মাস মেয়াদে আমাদের মূল লক্ষ্য সুষ্ঠুভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। এ নির্বাচনে কোন দল নাই। নির্দলীয়,গঠনতন্ত্র মোতাবেক এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, ২০২৪ সালের পট পরিবর্তনের তৎকালীন নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে একটি এ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। কিন্ত ১৮ মাস পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর নতুন সরকার দায়িত্ব নিয়ে আগের এ্যাডহক কমিটি বাতিল করে দেন। শেষ পর্যন্ত নতুন আরেকটি এ্যাডহক কমিটি গঠন করে তাদের উপর নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে গতকাল বিকেলে সিজেকেএস’র নতুন সদস্য সচিবকে ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানান মাদার বাড়ি মুক্ত কন্ঠ গ্রীণের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, জাহিদুর রহমান,নিয়াজুর রহমান, মো. মোশারফ হোসেন লিটন,আজম খান,রাজু ও মুন্না।














