অতিবৃষ্টি, ঢল ও পাহাড় ধসে এ পর্যন্ত ৩৫ মৃত্যু

চট্টগ্রাম বিভাগ

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগে গত পাঁচ দিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের দুর্যোগে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, দুর্গত এলাকার মানুষের জন্য সরকারের পক্ষ থেকে নগদ অর্থ, চাল ও শিশু খাদ্য বাবদ জরুরি ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের ক্ষয়ক্ষতি ও জেলা প্রশাসনের নেওয়া পদক্ষেপের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, পাহাড়ধস, আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল, দেয়ালধস এবং পানির তীব্র স্রোতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি মিলিয়ে এ পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়, যেখানে রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এরপর বান্দরবানে পাঁচজন, চট্টগ্রামে ছয়জন এবং রাঙামাটিতে একজনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতে এখন পর্যন্ত প্রাণহানির খবর না মিললেও জেলার বিস্তীর্ণ এলাকা বন্যা ও পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে।

বন্যা ও পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষদের জন্য পাঁচ জেলায় মোট ১ হাজার ৪২৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৪১১টি আশ্রয়কেন্দ্রে ৮ হাজার ৩৪০ জন, রাঙামাটিতে ২১টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ২০৬ জন, খাগড়াছড়িতে ১৩৫টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৭৫৫ জন এবং বান্দরবানে ২২০টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ১৭৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তবে কক্সবাজার জেলায় ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও সেখানে বর্তমানে কোনো আশ্রিত লোক নেই।

পূর্ববর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল
পরবর্তী নিবন্ধযুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক