৭০% লোকের রায় মেনে না নিলে মাঠে নামতে বাধ্য হবো

চকবাজার থানা জামায়াতের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল্লাহর বিধান ছাড়া মানুষের কোনো মতবাদ পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোনো ব্যক্তিকে প্রাধান্য দেয় না, বরং আল্লাহর হুকুম ও আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। গত ২৬ সেপ্টেম্বর রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চকবাজার থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের মতামত ও গণরায়কে গুরুত্ব দিতে হবে। জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান দেখানো সরকারের দায়িত্ব। ৭০%লোকের রায় মেনে নিন, না হয় তাদের নিয়ে মাঠে নামতে বাধ্য হবো। দেশের রাজনৈতিক সংকটের সমাধান সংঘাতের মাধ্যমে নয়, বরং জনগণের মতামতকে সম্মান করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি বাস্তবায়নের মাধ্যমেই হওয়া উচিত। জনগণের অধিকার ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হবে না।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন–কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শাহজাহান চৌধুরী এমপি এবং চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান বক্তা বলেন, সরকার যদি পুরাতন ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে, তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

বিশেষ অতিথি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে অন্যায়–অবিচারের কোনো স্থান থাকবে না, থাকবে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতা। রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার অধিকার পাবে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

চকবাজার থানা জামায়াতের আমির আহমদ খালেদুল আনোয়ার ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল্লাহর যৌথ সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, চকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, তাউসিফ সুলতান রাফি প্রমুখ। সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে পাঞ্জেরি শিল্পী গোষ্ঠী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন জরুরি
পরবর্তী নিবন্ধরাউজানে হযরত এয়াছিন শাহ্‌ পাবলিক কলেজে নবীনবরণ