পবিত্র কুরআনের হাফেজ হতে সাধারণত যেখানে দুই থেকে তিন বছর বা তার বেশি সময় প্রয়োজন হয়, সেখানে মাত্র ৬ মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ১২ বছরের এক শিশু।
রাঙ্গুনিয়া উপজেলার মধ্য পারুয়া গ্রামের উদীয়মান এই শিক্ষার্থীর নাম মোহাম্মদ ফরহাদ উদ্দীন। সে মধ্য পারুয়া ৫ নম্বর ওয়ার্ডের প্রবাসী মোহাম্মদ আলী আহমদের পুত্র এবং স্থানীয় জিয়াউল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। তিন বোনের একমাত্র ভাইয়ের এমন অভাবনীয় সাফল্যে আনন্দিত তার পরিবার, স্বজন ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। গত বুধবার সরেজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, তার কঠোর অধ্যবসায়ের এক অনন্য চিত্র। মাদ্রাসা বাড়ির কাছে হওয়া সত্ত্বেও পড়াশোনার তাগিদে বাড়িতে না থেকে মাদ্রাসাতেই রাত্রিযাপন করেছে ফরহাদ। বৈরী আবহাওয়া কিংবা ঝড়–বৃষ্টি কোনো কিছুই তার পড়ার গতিকে থামিয়ে রাখতে পারেনি।
মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, নিয়মিত কঠোর অধ্যবসায়, শিক্ষক হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ শাকিল আহমেদের নিবিড় তদারকি এবং আল্লাহর অশেষ রহমতেই এই সাফল্য এসেছে। হাফেজ শাকিল জানান, সাধারণ শিক্ষার্থীরা যেখানে দিনে এক থেকে দুই পাতা সবক শিখতে পারে, সেখানে ফরহাদ শুরুর দিকে প্রতিদিন ৫–৬ পাতা এবং শেষের দিকে ৭–৮ পাতা পর্যন্ত মুখস্থ করতে সক্ষম হতো। তার এই সাধনা শুরু হতো ফজরের নামাজের ৪৫ মিনিট আগে থেকে, যা নাস্তা ও গোসলের বিরতি বাদে রাত পর্যন্ত একটানা চলতো। মাদ্রাসার শিক্ষকরা আরও জানান, এই প্রতিষ্ঠানে ইতিপূর্বে আরও এক শিক্ষার্থী মাত্র ৯ মাসে কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তরুণ প্রজন্মের এমন কৃতিত্বপূর্ণ ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ছেলের এমন গৌরবের অর্জনে তার মা আবেগাপ্লুত হয়ে জানান, প্রবাসে থাকা পিতার সন্তানের এই সাফল্যে পুরো পরিবার আজ গর্বিত। ভবিষ্যতে একজন উঁচুমানের আলেম হয়ে দ্বীন ও মাজহাবের খেদমত করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চায় ফরহাদ। এছাড়া সে আগামী দিনে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সাথে লড়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে চায়। এদিকে এই বিরল অর্জনে মাদ্রাসার পক্ষ থেকে তরুণ হাফেজ ফরহাদ উদ্দীনসহ অন্য হাফেজ শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। মাদ্রাসার শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।













