চট্টগ্রামে অপহরণের শিকার মা-ছেলে

৬ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ১১:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জমি কেনাবেচা–সংক্রান্ত বিরোধের জেরে এ অপহরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি।

কোতোয়ালী থানা-পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে চেরাগী মোড় এলাকায় একটি রেস্তোরাঁর সামনে থেকে চম্পক সিংহ (৪৬) ও তাঁর মা অর্চনা সিংহকে (৬৫) একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো: নাজমুল নুরের নির্দেশনায় এসআই রাশেদুল ইসলামসহ তার সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার একটি লিচুবাগানসংলগ্ন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে অপহৃত মা ও ছেলেকে উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মো. মোজাহের (৩৪), মো. হাশেম (৪৩) ও মো. আমান উল্লাহ (৪৩) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার বিভিন্ন স্থানে।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পাশাপাশি পলাতক ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো: নাজমুল নুর জানান, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার
পরবর্তী নিবন্ধবাবাকে ফিরিয়ে আনতে বেরিয়ে পথ হারাল অবুঝ শিশুটি