৬০ বছরের পথচলা, চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর

কাল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

দীর্ঘ ছয় দশকের পথচলা, শিক্ষা–গবেষণায় অবদান এবং অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন গড়ার ইতিহাস নিয়ে ৬০ বছর পূর্ণ করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। প্রতিষ্ঠার এই মাইলফলক স্মরণীয় করে রাখতে আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়টিতে উদ্‌যাপিত হবে হীরকজয়ন্তী উৎসব। এ উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীসহ সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। উৎসবের আয়োজনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে। হীরকজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনের। এর মধ্য দিয়ে উৎসবের আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসন দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি কক্ষে হীরকজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হবে। একই অনুষ্ঠানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন হীরকজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্‌–ফোরকান, উপ–উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন এবং উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

১৯৬৬ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে ছয় দশকের পথচলায় বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ এই সময়ে বিশ্ববিদ্যালয়টি থেকে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন অসংখ্য শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী।

প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়টিতে হীরকজয়ন্তী উৎসব উদ্‌যাপিত হবে। ছয় দশকের অর্জন, স্মৃতি ও ঐতিহ্যকে ঘিরে আয়োজিত এ উৎসব বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

পূর্ববর্তী নিবন্ধজয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন ভালো কাটলো বাংলাদেশের