৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছিল সরকার : ভূমি প্রতিমন্ত্রী

হাটহাজারীর গুমানমর্দ্দনে ১২৪ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছিল। এরপর ১২০ দিনের মধ্যে সরকার দেশের জনগণের মাঝে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা প্রদান শুরু করেছে। ফ্যামিলি কার্ড কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষভাবে মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হচ্ছে। এতে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান ধীরে ধীরে উন্নয়ন সাধিত হচ্ছে।

গতকাল বুধবার দুপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাজেট ঘোষণার পর একটি মহল মিছিল করেছে। অথচ চলতি মাসে ঘোষিত বাজেট অতীতের সমস্ত বাজেটকে পেছনে ফেলে গণমুখী বাজেটে পরিণত হয়েছে। ফলে এই বাজেটের প্রতি দেশের জনগণের আস্থা রয়েছে। প্রতিবার বাজেটের পরে বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ে। অথচ এবারের বাজেটে শুধুমাত্র সিগারেট ও মদের দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে একটি মহলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সরকারের একজন মন্ত্রী বিভিন্ন বাজারে গিয়ে মনিটরিং করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে বাড়েনি তা সরকারকে নিশ্চিত করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপউপাচার্য (একাডেমিক) . মোহাম্মদ আলআমীন, উপউপাচার্য (প্রশাসন) . মো. সফিকুল আলম, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

উপজেলা প্রশাসন হাটহাজারীর আয়োজনে এবং সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রাম বিভাগের মধ্যে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের ১২৪ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন উপকারভোগী সারতি দাশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও একলাখ টন ক্রুড অয়েলবাহী জাহাজ
পরবর্তী নিবন্ধকাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত বিবেচনায় : স্বরাষ্ট্রমন্ত্রী