নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ার শপিংমলের পঞ্চম তলা থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় ফিনলে স্কয়ারের ৫ম তলা থেকে এই যুবক হঠাৎ নিচে পড়ে যায়। পরে সিকিউরিটি গার্ডরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম জানা যায়নি। ওই যুবকের বয়স আনুমানিক ২৬ এর মতো হবে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক। তিনি আজাদীকে জানান, আজ রাত ১০টা ১০ মিনিটে আহত অজ্ঞাতনামা যুবককে হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফিনলে স্কয়ারের ৫ম তলা থেকে ওই যুবকের পড়ে যাওয়া একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই যুবক ফিনলে স্কয়ারের ৫ম তলা ফ্লোরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে পেছন দিক থেকে তিনি নিচে পড়ে যান।












