২শ মিটারগেজ কোচ কিনবে রেলওয়ে

৩,৭৭৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ, অর্থায়ন করবে এডিবি

শুকলাল দাশ | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

রেলওয়ে পূর্বাঞ্চলে দিন দিন নতুন রেলপথ সৃষ্টির ফলে যাত্রীসংখ্যাও অতীতের চেয়ে বেড়েছে দ্বিগুণ। যাত্রীসংখ্যা বাড়লেও সেই তুলনায় পর্যাপ্ত কোচ না থাকার কারণে যাত্রীসেবা পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে রেলওয়েকে। দীর্ঘদিন থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে পুরোনো ও অচল কোচের কারণে ট্রেন পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। এই সংকট কাটাতে ২শ নতুন মিটারগেজ কোচ কেনার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের এক কর্মকর্তা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্বাঞ্চলের নতুন নতুন রুটে নতুন ট্রেন যুক্ত হবে। যাত্রীসেবায় দীর্ঘদিনের কোচ সংকট কিছুটা কমে আসবে। পাশাপাশি যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে বলেও আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা। প্রস্তাবিত প্রকল্পে যাত্রীবাহী কোচের পাশাপাশি রেলের দুর্ঘটনা মোকাবিলা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম উন্নত করতে ২টি ব্রডগেজ ও ২টি মিটারগেজ রিলিফ ক্রেন, ৪টি আন্ডারফ্লোর হুইল লেদ কেনা হবে। আন্ডারফ্লোর হুইল লেদ হলো একটি বিশেষায়িত যন্ত্র, যা দিয়ে চাকাগুলোকে ট্রেন থেকে আলাদা না করেই নিখুঁত ও মসৃণ আকারে মেরামত করা যায়।

মোট প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৭৯ কোটি টাকা। এরমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এই প্রকল্পে ২ হাজার ৬৫৭ কোটি টাকা ঋণসহায়তা দেবে। অবশিষ্ট টাকা আসবে সরকারের তহবিল থেকে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সমপ্রতি পরিকল্পনা কমিশনে উন্নয়ন প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বর্তমানে এটি যাচাই–বাছাই ও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে পরবর্তী ধাপে কোচ ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের কার্যক্রম শুরু হবে বলে জানান রেলের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) ফকির মো. মহিউদ্দিন।

দুর্ঘটনা মোকাবিলায় কেনা হবে চারটি ক্রেন : প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পে নতুন কোচের পাশাপাশি রেলপথে দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় চারটি উদ্ধারকারী ক্রেন কেনার পরিকল্পনা রয়েছে। ট্রেন দুর্ঘটনার পর জরুরি ভিত্তিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে লাইন সচল রাখার লক্ষ্যে এই প্রকল্পের অধীনে চারটি উদ্ধারকারী ক্রেন কেনা হবে। এতে জরুরি পরিস্থিতিতে রেলওয়ের উদ্ধার কার্যক্রম আরও কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া চারটি বিশেষ চাকা মেরামতের যন্ত্র সংগ্রহ করা হবে। এসব যন্ত্রের সাহায্যে কোচের নিচের অংশ থেকে চাকা আলাদা না করেই প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা সম্ভব। এর ফলে মেরামতের সময় কমবে। পাশাপাশি দীর্ঘ সময় কোচ অচল থাকার সমস্যাও কিছুটা কমানো সম্ভব হবে। নতুন কোচ সংগ্রহ করা গেলে রেলওয়ে বিদ্যমান ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ যুক্ত করতে পারবে। নতুন নতুন ট্রেন পরিচালনার সুযোগও তৈরি হবে। বিশেষ করে ঢাকা–কঙবাজার, চট্টগ্রাম–কঙবাজার, চট্টগ্রাম–সিলেট, চট্টগ্রাম–ঢাকা রুটে নতুন ট্রেনের চহিদা দীর্ঘদিনের।

রেলওয়ে পূর্বাঞ্চলের মেকানিক্যাল বিভাগের এক প্রকৌশলী জানান, প্রস্তাবিত প্রকল্পটিও রেলের আধুনিকায়ন কার্যক্রমের অংশ। এর মাধ্যমে পুরোনো কোচের উপর নির্ভরতা কমিয়ে যাত্রী পরিবহনব্যবস্থা আরও নির্ভরযাগ্য হয়ে উঠবে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, প্রকল্পটি এখনো অনুমোদনের পর্যায়ে রয়েছে। ফলে অর্থায়ন নিশ্চিত হওয়া, ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা এবং নির্ধারিত সময়ে কোচ ও সরঞ্জাম সরবরাহের উপরই এর বাস্তব সুফল নির্ভর করবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬
পরবর্তী নিবন্ধমসজিদে বিদ্যুতের তারে হাত, কিশোরের মৃত্যু