১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী দিল এনসিপি

চট্টগ্রামে কোন পদে কে পেলেন মনোনয়ন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে দেশের ১০০টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে চট্টগ্রাম উত্তর–দক্ষিণ, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ১০ জন উপজেলা চেয়ারম্যান, একজন উপজেলা ভাইস–চেয়ারম্যান এবং ৬ জন পৌরসভার মেয়রসহ ১৭ জন প্রার্থী রয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে দলের কার্যালয়ে এক অনুষ্ঠানের পর তালিকা প্রকাশ করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

চট্টগ্রাম জেলার প্রার্থীরা : প্রকাশিত তালিকায় চট্টগ্রাম জেলার ৫ উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর নাম রয়েছে।

তারা হলেন পটিয়ায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন, লোহাগাড়ায় মুস্তাক আহমদ সবুজ, বাঁশখালীতে অ্যাড. মোহাম্মদ জসিম উদ্দিন, রাঙ্গুনিয়ায় এবিএস মোরশেদ ও ফটিকছড়িতে অ্যাড. মোহাম্মদ আবুল কালাম।

তালিকায় চট্টগ্রাম জেলার ৩ পৌরসভার মেয়র প্রার্থীর নাম রয়েছে। এরা হচ্ছেন রাউজানে এম এ হায়াত ফরহাদ, ফটিকছড়িতে মো. আদনানুল করিম ও নাজিরহাট মো. এরফানুল হক।

বান্দরবান জেলার প্রার্থীরা : বান্দরবান জেলার দুই উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর নাম আছে তালিকায়। এরা হচ্ছেন রোয়াংছড়িতে পুহ্লাঅং মারমা ও রুমায় অংসিং নু মারমা। এছাড়া বান্দরবানরে লামা পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে তালিকায় নাম আছে মো. নাজমুল হাসানের।

খাগড়াছড়ির প্রার্থীরা : খাগড়াছড়ির তিন উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর নাম রয়েছে। তারা হলেন রামগড়ে আদনান মহিন, মানিকছড়িতে এস এম জাহাঙ্গীর ও গুইমারায় উক্রাছিং মারমা। এছাড়া এ জেলার দুই পৌরসভায় মেয়র পদে প্রার্থীর নাম আছে তালিকায়। তারা হচ্ছেন রামগড়ে হারুনুর রশিদ ও খাগড়াছড়ি পৌরসভায় চৌধুরী মোহাম্মদ বেলাল। তালিকায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে না আছে শুভ্রত ত্রিপুরার।

জানা গেছে, চব্বিশের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি গত সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেধে অংশ নিয়ে ছয়টি আসনে জয়লাভ করেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যতম প্রধান শরিক হলেও দলটি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার কথা বলছে।

জানা গেছে, এর আগে চলতি বছরের ১০ মে–ও উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নিতে সারা দেশে দলের ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। এছাড়া ২৯ মার্চ সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণের প্রার্থী ঘোষণা করাসহ পাঁচটি সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীর নাম প্রকাশ করে এনসিপি। সিটি কর্পোরেশনগুলো হচ্ছে ঢাকা উত্তর, কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন।

গতকাল প্রার্থীর তালিকা প্রকাশ করার সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটির অনুমোদনক্রমে উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা ও পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ