কথায় আছে সাবধানতার মাইর নাই। সচেতনতাই উত্তম পন্থা। নারীদেরকে বলি বসন্ত উতরে যাচ্ছে। এ সময় নিয়মিত টেস্টগুলি অবশ্যই করবেন। নিজের স্তন নিজে পরীক্ষা করা অন্তত মাসে একবার। এটা ২০ বছর বয়স থেকেই শুরু করতে হয়। লজ্জা করলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন। মনে রাখবেন স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ১০০% প্রতিকার সম্ভব। মাত্র কিছুদিন আগে খবরের কাগজে প্রকাশ আমাদের দেশের এক নামকরা অভিনেত্রী স্তন ক্যান্সারে মারা গেছেন। রোগ ধরা পড়ে ছয়মাস পর। অর্থাৎ ছয়মাস রোগটা তার অগোচরে ছিল। অবহেলা, অজ্ঞতাবশত বা লজ্জার কারণে কাউকেও বলে নাই। ডাক্তারের কাছেও যায় নাই। রোগটাকে ধামাচাপা দেওয়া হয়। পরে যখন আর লুকানো যাচ্ছে না তখন প্রকাশ্যে আসলো। তখন রোগটা অন্য জায়গায় ছড়িয়ে গেছে। সেই অবস্থায় ডাক্তারদের বিশেষ কিছু করার থাকে না। শত চেষ্টা করেও রোগীকে বাঁচানো যায় নাই। এই হলো সাধারণের পরিণতি। অথচ আমাদের দেশে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে চিকিৎসা নিয়ে শত শত রোগী ভালো হচ্ছে। * ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন অর্থাৎ ডাক্তার বা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী দ্বারা পরীক্ষা করানো। * ম্যামোগ্রাফি * প্যাপ স্মিয়ার–জরায়ুর মুখের রোগী নির্ণয় করা * রক্ত সুগার * রক্তচাপ * রক্ত কোলেস্টেরল ম্যামোগ্রাম–ধনী দেশগুলোতে স্তন ক্যান্সার স্ক্রিনিং এর জন্য প্রতি ২ বা ৩ বছর অন্তর নিয়মিত ম্যামোগ্রাম করা হয়। বিশেষজ্ঞরা বলেন স্তন ক্যান্সারের স্ক্রিনিং এর জন্য লোডোজ এই এক্সরে সবচেয়ে কার্যকর। এতে ৫০ ঊর্ধ্ব মহিলাদের মৃত্যুর হার অন্তত ৩০ ভাগ কমে যায়। * বোন মিনারেল ডেনসিটি টেস্ট (BND) হার যদি ওস্টিও পরোসিস (হাড় পুরপুরে হয়ে যাওয়া) আগাম ধরা পড়ে তবে চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। (BND) অর্থাৎ অস্থির ঘনত্ব মাপা, ইহা কম হলে অস্থি ভঙ্গের ঝুঁকি বেশি, ওষ্টিও পরোসিসের ঝুঁকিতে কারা আছেন ১. ছোট মাপের দেহ কাঠামো, পারিবারিক ইতিহাস, ঋতু বন্ধের পাঁচ বছর উত্তীর্ণ এবং কোন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়নি। ছয় মাসের বেশি সময় উচ্চ মাত্রার কটিসোন ধরনের ওষুধ ব্যবহার করছেন। ক্যালসিয়াম গ্রহণ কম। দুগ্ধজাত খাদ্য গ্রহণ কম, ধূমপান, মদ্যপান, কায়িক পরিশ্রম না করা, স্তন ক্যান্সার জনিত মৃত্যুর হার বিশ্বে দ্বিতীয়, উন্নত বিশ্বে স্তন ক্যান্সারে মৃত্যু শীর্ষস্থানে। উচ্চ রক্তচাপের রোগীদের কথায় আসা যাক–হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ, রোগটাকে নীরব ঘাতক হিসাবে আখ্যা দিয়েছে। কোন ব্যথা নেই। কাশি নেই, জ্বর নেই, কোন দৃশ্যমান উপসর্গ নেই। অথচ প্রতিটি মুহূর্তে রক্তনালির দেওয়ালে অতিরিক্ত চাপ পড়ছে। হৃদপিন্ড ক্লান্ত হয়ে পড়ছে। মস্তিষ্ক ও কিডনির ধীরে ধীরে ক্ষতি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্যসংস্থার হিসাবে বিশ্বে ১৩০ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। প্রতি বছর প্রায় ৮০ লাখের মত মানুষের মৃত্যু হয় ব্লাড প্রেসার জনিত জটিলতায়। উচ্চ রক্তচাপ থেকে সৃষ্ট প্রধান জটিলতার মধ্যে রয়েছে ১। স্ট্রোক (মস্তিষ্কে রক্ত জমাট বাঁধ বা মস্তিষ্কের রক্তক্ষরণ) ২। হার্ট অ্যাটাক ৩। হার্ট ফেইলিওর ৪। কিডনি বিকল হয়ে যাওয়া এবং ৫। অন্ধত্ব। আমাদের দেশে স্ট্রোক রোগীদের বড় অংশের পেছনে মূল কারণ দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, দেশের প্রাপ্ত বয়স্কদের ২০–৩৪ শতাংশ উচ্চ রক্তচাপ আক্রান্ত। অর্থাৎ প্রায় ২ কোটির বেশি মানুষ কোন না কোন ভাবে এই রোগে ভুগছেন। সবচেয়ে আশঙ্কার বিষয় এদের অর্ধেকই জানে না তাদের ব্লাড প্রেসার বেশি আছে। তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। বেশির ভাগ ব্লাড প্রেসারের রোগী নিয়মিত ওষুধ খায়না। জিজ্ঞাসা করলে বলে ভালো আছি তাই ওষুধ বন্ধ করে দিয়েছি। আর এক অংশ বলে মাঝে মাঝে খাই বা খারাপ লাগলে খাই। তাই তাদের প্রেসার নিয়ন্ত্রিত থাকে না। অলসতা করে ডাক্তারের নিকট যায় না। এদের বেশিরভাগ রোগী উচ্চ রক্তচাপ জনিত জটিলতার ঝুঁকিতে থাকে। শুনবেন অমুকের বাবা ভালো ছিল হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। অমুকের স্ত্রী স্ট্রোক করেছে, অমুকের কিডনি ফেইলিওর হয়েছে। ডায়ালাইসিসে আছে। তাই সাবধান হওন। মনে রাখবেন স্ট্রোকের রোগীকে ৩ ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে আসুন। তাতে ভালো চিকিৎসা হবে। জমাট বাঁধা রক্ত যেটা রক্ত সঞ্চালন বন্ধ করে দিয়েছে সেটাকে গলিয়ে ফেলা যাবে। বেশি দেরী হলে গলানোর ওষুধ কাজ নাও করতে পারে। কমপক্ষে সাড়ে ৪ ঘণ্টার মধ্যে পৌঁছাতে হবে। রক্তক্ষরণজনিত স্ট্রোকের চিকিৎসা আলাদা। উল্লেখ্য অতিরিক্ত লবণ খাওয়া উচ্চ রক্তচাপের আর একটা কারণ। গবেষণায় দেখা গেছে আমরা প্রতিদিন প্রয়োজনের চেয়ে ২–৩ গুণ লবণ বেশি খাই। পাশাপাশি কাঁচা লবণ, পাত লবণ, প্রক্রিয়াজাত ও ফাস্টফুডে লবণ বেশি থাকে। তারপর শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা, ধূমপান, মানসিক চাপ, অনিদ্রা প্রভৃতি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। আরো একটা আশঙ্কা ৩০ বছরের কম বয়সীরাও উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে। সতর্ক হোন উচ্চ রক্তচাপ দীর্ঘস্থায়ী রোগ। বার বার সাবধান করা সত্ত্বেও মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ছয়টি পথ–মনে রাখবেন উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণযোগ্য।
১. যারা উচ্চ রক্তচাপে ভুগছেন নিয়মিত ব্লাডপ্রেশার মাপুন ২. খাদ্যাভ্যাস পরিবর্তন করুন ৩. শারীরিক পরিশ্রম করুন, নিয়মিত ব্যায়াম করুন ৪. ধূমপান, মদ্যপান পরিহার ৫. শারীরিক ওজন ঠিক রাখুন ৬. মাসিক চাপ কমান ৭. পর্যাপ্ত ঘুম, সামাজিক সম্পর্ক বজায় রাখুন, ৮. চিকিৎসকের পরামর্শমত নিয়মিত ওষুধ সেবন করুন, ডাক্তারের পরামর্শ ছাড়া কোন অবস্থাতেই ওষুধ নিজে বন্ধ করবেন না। সচেতনতা, নিয়মিত পরীক্ষা, জীবন যাত্রার পরিবর্তন ও চিকিৎসকের নির্দেশ মেনে চলার মাধ্যমে সুস্থজীবন যাপন করা সম্ভব। উচ্চ রক্তচাপ মোকাবেলায় সরকারেরও দায়িত্ব আছে। সরকারি স্বাস্থ্যসেবায় রক্তচাপ স্ক্রিনিং ও ওষুধের সহজলভ্যতা বাড়াতে হবে। গণমাধ্যমও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা জনগণের কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লেখক : প্রাক্তন চিফ অ্যানাসথেসিওলজিস্ট, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, চট্টগ্রাম।












