হৃদয়-লিটনকে বড় হুমকি মানছেন মার্করাম

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে তাওহীদ হৃদয় ও লিটন দাসের সামপ্রতিক ফর্মকে নিজেদের জন্য বড় হুমকি মনে করছে প্রোটিয়ারা।জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৪০০ রান করে দীর্ঘ সময় লড়াইয়ে থাকা বাংলাদেশের মিডল অর্ডারের জুটি ভাঙতেও এবার বাড়তি মনোযোগ দিতে চায় স্বাগতিকরা। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের আগে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং নিয়ে মার্করাম বলেন, ‘ওরা ভালো ব্যাটিং করেছে। প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল, যা একটি দলকে দীর্ঘ সময় ম্যাচে রাখার জন্য যথেষ্ট। বিশেষ করে মিডল অর্ডারে ওদের একটি বড় জুটি হয়েছিল। এবার সেটি ভাঙার দিকে আমাদের বাড়তি মনোযোগ থাকবে। শুধু উইকেট নেওয়ার পরিকল্পনা করলেই হবে না, কীভাবে সেটি করতে হবে, সেটাও গুরুত্বপূর্ণ।’ প্রথম টেস্টে তাওহীদ হৃদয়ের ব্যাটিং দক্ষিণ আফ্রিকার নজর কেড়েছে। বাংলাদেশের এই ব্যাটারের সঙ্গে লিটন দাসকেও গুরুত্বপূর্ণ উইকেট হিসেবে দেখছেন তিনি। এ প্রসঙ্গে মার্করাম বলেন, ‘একেবারেই না। হৃদয় এখানে এ দলের হয়ে খেলেছে এবং আমার মনে হয় সে ট্রিপল সেঞ্চুরিও করেছিল। আমরা জানি সে কতটা ভালো খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সমপ্রতি ভালো করেছে। এই মুহূর্তে সে ও লিটন দুজনই ফর্মে আছে।

আমাদের কাছে দুজনই বড় উইকেট। প্রথম টেস্টেও তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ ছিল না। দ্বিতীয় ম্যাচে তাদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে আমাদের বোলাররা মুখিয়ে আছে।’ সেঞ্চুরিয়নের উইকেট নিয়ে মার্করামের ধারণা, শুরুতে কিছুটা ধীরগতির হলেও ম্যাচ যত গড়াবে, ততই গতি ও বাউন্স বাড়বে। তবে এই মাঠে উইকেটে থিতু হতে পারলে বড় রান করার সুযোগও রয়েছে। জোহানেসবার্গের উইকেটের সঙ্গে সরাসরি তুলনা করতে চাননি তিনি। তার মতে, সেঞ্চুরিয়নের উইকেট বেশ চেনা চরিত্রেরই মনে হচ্ছে। বাভুমার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন মার্করাম। তবে নিয়মিত অধিনায়ক ও কোচের রেখে যাওয়া ভালো পরিবেশে দায়িত্ব নেওয়াটা তার জন্য কঠিন কিছু নয় বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকোকো স্মৃতি ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল আজ থেকে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সোনালী অতীত ক্লাবের অনুশীলন শুরু