হাসিনা ও পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ

আরও ৩৭ মামলা হতে পারে : দুদক সচিব

আজাদী ডেস্ক | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ পর্যন্ত ২৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন, সাতটি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা ছয়টি মামলার রায় হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের পাশাপাশি বিভিন্ন ব্যাংকে থাকা ১ হাজার ৪৫ কোটি টাকা অবরুদ্ধ করার তথ্য দিয়েছে দুদক। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আরও ৩৭টি মামলা হতে পারে বলে আভাস দিয়েছে দুদক। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

দুদক সচিব সাইদুর রহমান খান গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে করা মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রতিটি মামলার জন্য পৃথক তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কমিশন নিয়মিত এসব মামলার অগ্রগতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে।

তিনি জানান, এসব মামলার তদন্তে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে পূর্বাচলে ৬০ কাঠা জমি, যার দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া গুলশানের বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪ শতাংশ জমি রয়েছে। এসব সম্পদের দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৫২০ টাকা।

অস্থাবর সম্পদের বিষয়ে তিনি বলেন, ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ১৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সাইদুর রহমান খান বলেন, শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও রিজওয়ান সিদ্দিক টিউলির নামে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নামে একটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে।

রেড নোটিশ জারির বিষয়ে দুদক সচিব বলেন, কোনো আসামি দেশের বাইরে অবস্থান করলে এবং দেশের প্রচলিত আইনে সরাসরি তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলে আইনগত প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে রেড নোটিশের উদ্যোগ নেওয়া হয়। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

তিনি বলেন, সম্পদ জব্দ বা অবরুদ্ধ করার পাশাপাশি বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধারেও কাজ করছে দুদক। এজন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স প্রক্রিয়া চলমান রয়েছে।

দুদক সচিব বলেন, আমরা শুধু মামলার সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছি না, বরং তথ্য–প্রমাণ সংগ্রহে বেশি জোর দিচ্ছি। মামলার তদন্তের মান বজায় রেখে সঠিক তথ্য–প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করাই আমাদের লক্ষ্য। তিনি জানান, মামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং আদালতে অভিযোগ প্রমাণের বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও ৩৭ মামলা হতে পারে : শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আরও ৩৭টি মামলা হতে পারে বলে আভাস দিয়েছে দুদক। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার ওপর মামলার সংখ্যা নির্ভর করবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৯টি অভিযোগ থাকার তথ্য দিয়ে দুদক সচিব বলেন, এর মধ্যে সাতটি অভিযোগ মামলার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বাকি ১২টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আরও মামলা করার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ১৪টি অভিযোগের মধ্যে বিভিন্ন ঘটনা আলাদা করে হিসাব করলে আরও ৩৭টি মামলা করা সম্ভব।

এই ৩৭টি মামলা করা হবে কি না–সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটা যেহেতু আমাদের তদন্ত চলমান আছে, যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংখ্যাটা কম–বেশি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের সাবেক এডিসি জাফরসহ ৫ জন কারাগারে