২০২৪ সালের জুলাই–আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং শহীদদের স্মরণে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরাও দেয়ালচিত্র ও গ্রাফিতি অঙ্কনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র–জনতার অদম্য সাহসকে এই শিল্পকর্মগুলোর মধ্য দিয়ে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও নতুন বাংলাদেশের স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বার্তা এই গ্রাফিতিগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে। দেয়ালে আরো স্থান পেয়েছে প্রতিবাদী গ্রাফিতি, জাতীয় পতাকা, শহীদদের প্রতিকৃতি এবং আন্দোলনের দিনগুলোর উদ্দীপনামূলক নানা স্লোগান। সারাদেশে জুলাই অভ্যুত্থান তরুণ প্রজন্মের ব্রাশ ও রঙে যেভাবে নতুন রূপ লাভ করেছিল, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকায় শিক্ষার্থীরাও একইভাবে নিজেদের সৃজনশীলতা দিয়ে দেয়ালগুলোকে বর্ণিল করে তুলেছে।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক সৈয়দ শরফুদ্দিন ইশতিয়াকের নেতৃত্বে এবং চারু ও কারুকলা বিভাগের সহকারী শিক্ষক আল ইমরান নূরের সার্বিক তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা এই কার্যক্রমে অংশগ্রহণ করে। এই দেয়ালচিত্র ও গ্রাফিতিগুলো শুধু শিল্পকর্ম নয়, বরং একটি প্রজন্মের সাক্ষ্য– যা আগামী দিনের শিক্ষার্থীদের জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনাকে মনে করিয়ে দেবে। প্রেস বিজ্ঞপ্তি।












