হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে রাঙ্গুনিয়ায় স্টেকহোল্ডারদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য দপ্তর চট্টগ্রামের আয়োজনে ‘হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ এর আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী।
সেমিনারে রিসোর্স পারসন ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপ–সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফজলে এহসান শামীম, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম প্রমুখ।
সেমিনারে মৎস্যজীবীদের প্রতিনিধি গৌরপদ সরকার ঘোষিত মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে কার্ডধারী মৎস্যজীবীদের ভিজিএফ সহায়তা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরতে না পারায় মৎস্যজীবীদের আয় বন্ধ থাকে। এ সময় তাদের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।
বক্তারা হালদার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ, নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করেন। হালদা রক্ষায় প্রশাসন, মৎস্যজীবী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তারা।










