প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর উপর নির্ভর নিবন্ধিত মৎস্যজীবী জেলে পরিবারের মধ্যে সমপ্রতি ছাগল বিতরণ করা হয়েছে। প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) আওতায় নিবন্ধিত ৪০ পরিবারের মধ্যে ২ টি করে ছাগল বিতরণ করা হয় সেই সাথে ছাগলের খাবার ও ওষুধ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের চত্বরে ভূমি ও পার্বত্য প্রতি মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে হালদা নির্ভরশীলদের মধ্যে ছাগল বিতরণ করেন। তিনি বলেন, হালদা নদী সৃষ্টিকর্তার একটি বিশেষ নেয়ামত। আমাদের সৌভাগ্য নদীটি হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার দিয়ে প্রবাহিত। প্রতি বছর মৌসুমে এই নদীতে মা মাছ ডিম ছাড়ে। মাছের দেওয়া এই ডিম আহরণ করে অনেক পরিবার বাড়তি অর্থ আয় করে। মাছের মজুত বৃদ্ধির জন্য সরকার হালদা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে। ফলে হালদা নদীর উপর নির্ভরশীল অনেক পরিবারের এতে সমস্যা সৃষ্টি হয়েছে। তাই সরকার নদী নির্ভরশীল এইসব পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবী, মৎস্য সমপ্রসারন কর্মকর্তা মেহেরুনেচ্ছা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ।











