দেশব্যাপী চলছে বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনা থেকে তৈরি হয় শ্বাসরুদ্ধকর উত্তেজনাকর পরিস্থিতি। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে গতকাল দুপুরে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত হয়েছে ‘বিশ্বকাপ ফুটবল–২০২৬ ও হৃদরোগ’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক প্রধান ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। মূল প্রবন্ধে তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের সমর্থকদের মধ্যে মানসিক উত্তেজনা তৈরি হয়। এতে হার্টের ওপরও চাপ বাড়ে। প্রিয় দলের হারের কষ্ট সহ্য করতে না পারে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে। একইভাবে মাঠের ফুটবলারদের চাপটা আরো কয়েকগুণ বেশি। খেলার মাঠে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনাও ঘটে থাকে। তাই বলা যায়, বিশ্বকাপ ফুটবলের সাথে হার্ট অ্যাটাকের একটি যোগসূত্র রয়েছে।
ডা. ইমরুল শাহেদের সঞ্চালনায় সেমিনারে অন্যদের বক্তব্য রাখেন ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক প্রধান ডা. এ. কে বসাক, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস. সি ধর, চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা. উজ্জল কান্তি দাশ।
বক্তারা বলেন, বিশ্বকাপ ফুটবলে আমাদের দেশে ব্রাজিল–আর্জেন্টিনা দলকে ঘিরে উন্মাদনা একটু বেশি। বিশেষ করে তরুণ প্রজন্মদের মধ্যে এই উন্মাদনাটা বেশি। অনেক বৃদ্ধও এই উন্মাদনায় গা ভাসান। তবে আমাদেরকে খেলা দেখার সময় খেয়াল করতে হবে, এটি নিছক একটি খেলা। তারপরেও প্রিয় দলের পরাজয়ে অনেকে ব্যথিত হয়।










