স্ট্র্যান্ড রোডের নতুন নাম বেগম রোজী কবির সড়ক

নামফলক উন্মোচন ও উদ্বোধন করলেন মেয়র

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

গণতন্ত্র, মানবাধিকার ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম নগরীর স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ করা হয়েছে বেগম রোজী কবির সড়ক। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠানে সড়কের নামফলক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, তিনবারের নির্বাচিত নারী সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম রোজী কবির ছিলেন গণমানুষের নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান চট্টগ্রামবাসীর হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।

মেয়র বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই বেগম রোজী কবির আপসহীন নেতৃত্ব, সাহসিকতা ও মানবিক গুণাবলীর জন্য সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে তিনি যে সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

মেয়র বলেন, এমন একজন জননন্দিত নেত্রীর অবদানের যথাযথ মূল্যায়ন আমরা হয়তো করতে পারিনি। তবে তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক তাঁর নামে নামকরণ করতে পেরে আমরা আনন্দিত। এটি শুধু একটি সড়কের নামকরণ নয়, বরং গণমানুষের প্রতি তাঁর আজীবন সেবার প্রতি চট্টগ্রামবাসীর সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তিনি মরহুমা বেগম রোজী কবিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বেগম রোজী কবির সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জসিম উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, সাবেক কাউন্সিলর সফরাজ কাদের রাসেল ও দিদারুল আলম লাভু। এছাড়া মরহুমা বেগম রোজী কবিরের পুত্র ইয়াসিন মাবুদ ও ইঞ্জিনিয়ার ইয়াসির এ. মাবুদ, কন্যা ডা. ফারাহ নাজ মাবুদ, জামাতা মো. তারিকুজ্জামান, পুত্রবধূ শিরিন নুজহাত ও ডা. সুবর্ণা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য এবং নাতিনাতনিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেগম রোজী কবিরের কর্মময় জীবন, সংগ্রাম এবং জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিকে ধারণ করতেই নগরীর ঐতিহাসিক ও ব্যস্ততম স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ করা হয়েছে বেগম রোজী কবির সড়ক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহার্ট ফাউন্ডেশনের ‘বিশ্বকাপ ফুটবল ও হৃদরোগ’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব সম্পর্কে জ্ঞাতব্য