হামের উপসর্গ নিয়ে ৮, ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আরো তিনজন। গতকাল শনিবার অধিপ্তর বলেছে, হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টার পর ২৪ ঘণ্টায় যারা মারা গেছে, তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের দুইজন করে রয়েছে। সরকারি হিসাবে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৮০ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩২, চট্টগ্রামে ১৩২, ময়মনসিংহে ৯৯, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৫ এবং রংপুর বিভাগে ২০ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। খবর বিডিনিউজের।

ডেঙ্গু : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু এবং ৯৪৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগে এবং একজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৩০ জনের মৃত্যু হলো।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৯৫ জন, চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ৫৮ জন, রংপুরে ৩৩ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এক লাখ ৭৯ হাজার ৭০৮ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে কল্যাণ সাধনে কাজ করছে রোটারি ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ফের ট্রান্সফরমার চুরি