হাটহাজারী, স্বাধীন বাংলা, একরাম ও রামপুরা ফুটবল একাডেমির জয়

অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

সিডিএফএ–মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে চারটি খেলার নিষ্পত্তি হয়েছে। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে গতকাল রোববার হাটহাজারী ফুটবল একাডেমি, স্বাধীন বাংলা ফুটবল একাডেমি, একরাম ফুটবল একাডেমি ও রামপুরা ফুটবল একাডেমি নিজ নিজ খেলায় জয় পায়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় হাটহাজারী ফুটবল একাডেমি ২–১ গোলে পটিয়ার বিখ্যাত দল আবদুল সোবহান ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে মিনতাজুর রহমান সাঈদ ও সৈয়দ মো. নাওয়াফুল আলম ১টি করে গোল দেয়। অন্যদিকে বিজিত দলের হয়ে আবদুল আহাদ একমাত্র গোলটি করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় হাটহাজারী ফুটবল একাডেমির মিনতাজুর রহমান সাঈদ। তার হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সাংবাদিক ও সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী। একই মাঠে সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি ২–১ গোলে সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী স্বাধীন বাংলা দলের পক্ষে আমিনুল ইসলাম একাই ২টি গোল করে। অন্যদিকে সন্ধান স্পোর্টিংয়ের হয়ে ইসমাইল খলিলুল্লাহ ১টি গোল শোধ করে। এই খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় স্বাধীন বাংলা ফুটবল একাডেমির আমিনুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় একরাম ফুটবল একাডেমি ১–০ গোলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা মো. মোক্তাদির মুস্তাক তাফিজ। ম্যান অব দ্যা ম্যাচ একরাম ফুটবল একাডেমির মোক্তাদিরের হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ কাউন্সিলর আবদুল মোমেন বাবু।

একই ভেন্যুতে বিকেলে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে রামপুরা ফুটবল একাডেমি ৫–০ গোলের বড় ব্যবধানে কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী রামপুরার পক্ষে ইফতাহারুল ইসলাম সিদ্ধার্থ ২টি গোল করে। এছাড়া নুরুল হুদা তানভীর, মো. তামিম ও সায়মন হোসেন প্রত্যেকে ১টি করে গোল দেয়। খেলার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় রামপুরার ইফতাহারুল ইসলাম সিদ্ধার্থ। তার হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক ও সিজেকেএস কাউন্সিলর নাসির মিঞা। টুর্নামেন্টের চতুর্থ দিনে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার চারটি খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেবে বড়উঠান ক্রীড়া সংস্থ ফুটবল একাডেমি–মীরসরাই ফুটবল একাডেমি(সকাল–৯.১৫টা), রাইজিং স্টার ফুটবল একাডেমি–পাঠানটুলী ফুটবল একাডেমি(সকাল–১০.৪৫টা), শিকলবাহা স্পোর্টস একাডেমি–ডায়নামিক ফুটবল একাডেমি (দুপুর–২.১৫টা),চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমি–চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমি (বিকাল–৩.৪৫টা)। চারটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়াকে নিয়ে সতর্ক বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা