১২ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলবেলা বিশেষ প্রয়োজনে আমি ফটিকছড়ির বাড়িতে গিয়েছিলাম। বাচ্চাদের অ্যানুয়াল এক্সাম চলছে। তাই যতো দ্রুত সম্ভব আমি বাড়ি থেকে ফিরে আসবো, এমনটা প্ল্যান করেই বেরিয়েছি। শহর থেকে হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি যাওয়ার পথ এটাই। চলাচলের একমাত্র এই পথটার উপরে অসংখ্য বাজারের অবস্থান। অক্সিজেন থেকে নাজিরহাট পর্যন্ত কম করে হলেও পনেরোটা বাজার আছে। নয়ারহাট বাজার, বালুচরা বাজার, আমান বাজার, বড়দিঘির পাড়, চৌধুরীহাট, ফাতেয়াবাদ, মদনহাট, হাটহাজারী বাজার, মীরেরহাট, চারিয়া নয়াহাট, কাটিরহাট, সরকারহাট, নূর–আলী মিয়ারহাট, নাজিরহাট ঝংকারমোড় বাজার উল্লেখযোগ্য। পথে পথে এতোগুলো হাটবাজার। তাছাড়া সপ্তাহের প্রতিটা দিন কোনো না কোনো হাট–বাজার বসার কারনে যানজট লেগেই থাকে। হাটহাজারী এলাকায় রাস্তা সংস্কারের কাজ চলছে তাছাড়া রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিংও করা হয়। তাই সবসময় হাটহাজারীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্ল্যান করে বাড়িতে গেলেও কখনো সময়মতো ব্যাক করা যায়না। অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত ডিভাইডার আছে। ফলে একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চলাচল করে। ওভারটেকিং করার সুযোগও তেমনটা থাকে না। কিন্তু হাটহাজারীর পর থেকে উত্তর দিকে রাস্তায় আর কোনো ডিভাইডার না থাকার কারণে সব ধরনের যানবাহনগুলো এতো এলোমেলো চলাচল করে মনে হয় এখনই মুখোমুখি সংঘর্ষ হবে! এবার আমি বাড়িতে যাওয়ার সময় এতো সাবধানে গাড়ি চালাতে হচ্ছিলো মনে হলো বাসায় ব্যাক করতে দেরি হোক তবু নিরাপদে যেনো ফিরতে পারি। সারাটা পথ দোয়া পড়তে পড়তে গলা শুকিয়ে যাচ্ছিলো আমার। আগে এতোটা ভয় লাগতো না। ইদানীং বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করতে দেখে বেশি ভয় লাগে। পথে পথে কিছু স্পিড ব্রেকার দেখলাম যেগুলোতে রং দিয়ে মার্ক করা নেই। ফলে দূর থেকে বুঝা যায় না যে কোথায় কোথায় স্পিড ব্রেকার আছে। কাছে এসে হঠাৎ ব্রেক করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আরো বেড়ে যায়। সড়ক নিরাপদ হলে এবং যানজটমুক্ত থাকলে চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি অল্প দূরত্বের এই জায়গায় খুব কম সময়ে গিয়ে ফিরে আসা যায়। কিন্তু অনিয়মের কারণে সময় যেমন বেশি লাগে তেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও অনেক বেশি থাকে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার হাটহাজারী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ আপন ভাইসহ ৩ জন মারা যাওয়ার খবর দেখে আমি রীতিমতো হতভম্ব। গত বৃহস্পতিবার এই পথে আসা–যাওয়া করেছি। সেদিন ঠিক এই চিন্তাগুলোই সারাটা পথ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো। আমরা কি যানজট মুক্ত একটি নিরাপদ সড়ক পেতে পারি না? এক সপ্তাহ পার না হতেই এই রাস্তায় তিনটা দুর্ঘটনায় ৫ জন মারা গেলো। রাস্তার অবস্থা আগের তুলনায় এখন অনেক ভালো। তাই চালকেরা গাড়ি চালানোর সময় স্পিড বাড়িয়ে দেয়। ডিভাইডার না থাকার কারণে জোরে চলন্ত অবস্থায় ওভারটেকিং করতেও তারা দ্বিধাবোধ করেনা। ফলে নিয়মিত এক্সিডেন্ট হচ্ছে। ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। এই অপূরণীয় ক্ষতি হতে বাঁচতে অনতিবিলম্বে হাটহাজারী থেকে অন্ততপক্ষে নাজিরহাট পর্যন্ত রাস্তায় ডিভাইডার দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।











