হাটহাজারী উপজেলা প্রশাসন গতকাল শনিবার কাচারী সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। যানযট মুক্ত ও জনচলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, হাটহাজারী পৌরসভার রাউজান মহাসড়ক থেকে হাটহাজারী–নাজিরহাট মহাসড়কে সরাসরি যাতায়াতের সড়কটি হচ্ছে কাচারি সড়ক। জনচলাচলের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। পৌরসদরের গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রাখার কারণে জনচলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। ভুক্তভোগীরা দীর্ঘদিন কাচারি সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে আসছিল। জনস্বার্থে শনিবার উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ যৌথভাবে জনগণের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। উচ্ছেদ কার্যক্রম চলাকালে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণের মাধ্যমে সড়কে যান ও জনচলাচল নিশ্চিত করা হয়। পর্যায়ক্রমে পুরো সড়কের সকল অবৈধ দখল উচ্ছেদ করে মানুষের জন্য উন্মুক্ত করা হবে। তিনি জানান, ইতোপূর্বে সবাইকে মাইকিং করে সতর্ক করা হলেও অনেকেই অবৈধ দখল এবং ফুটপাতে মালামাল রাখা পরিহার করেননি। বার বার সতর্ক করার পরেও যারা এখনো জায়গা দখলে রেখেছেন ভবিষ্যতে উচ্ছেদের পাশাপাশি জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












