হাটহাজারীতে একটি চলন্ত সিএনজি টেক্সিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টেক্সিটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি সিএনজি টেক্সি হাটহাজারী থেকে যাত্রী নিয়ে নাজিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে টেক্সির ইঞ্জিন ওভার হিট হয়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সময়ের মধ্যে টেক্সির চালক ও যাত্রীরা গাড়ি থেকে বের হতে সক্ষম হন। পরে টেঙিটিতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেনের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই সিএনজি টেঙিটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত টেঙিচালক মো. আলমগীর বলেন, হাটহাজারী থেকে যাত্রী নিয়ে আসার সময় টেঙিটি আগুন ধরে যায়। আমি ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে রক্ষা পাই। টেঙিটি চালিয়েই পরিবারের ভরণ পোষণ করতাম। এখন আমার রুজি রোজগারের গাড়িটি পুড়ে গেছে। কীভাবে জীবিকা নির্বাহ করবো কিছুই মাথায় আসছে না।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












