চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠ জুড়ে ছিল রং বেরং এর জার্সিতে ৪৮টি স্কুল দলের খেলোয়াড়। সে সাথে মাঠে ছিল উৎসাহি দলীয় নেতাকর্মীদের প্রচন্ড ভীড়। সবার উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মসিউল আলম স্বপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও এনামুল হক এনাম। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা’। খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখলে হবে না; এটিকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ক্যারিয়ার হিসেবেও গড়ে তুলতে হবে। ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ সম্পৃক্ত। তাই স্পোর্টস ইকোনমিকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইল আসক্তি ও মাদক থেকে বের করে আনতে হলে লেখাপড়ার পাশাপাশি সবাইকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। সুতরাং এই লক্ষে খেলাধুলা অব্যাহত থাকবে।
মন্ত্রী উল্লেখ করেন যে,যারা প্রতিভাবান এবং খেলাধুলায় ভালো করবে, তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ক্রীড়াবিদদের সহযোগিতা এবং স্কুল পর্যায়ে খেলোয়াড়দের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জার্সি, ব্যাগ, জুতা ও যাতায়াতসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার মাধ্যমে তাদের খেলাধুলায় উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, স্পোর্টসের দিক থেকে চট্টগ্রামের গুরুত্ব অনেক বেশী। আমাদের প্রধানমন্ত্রী চট্টগ্রামকেই বেছে নিয়েছেন প্রাইম মিনিস্টার্স ফুটবল উদ্বোধনের জন্য। প্রাইম মিনিস্টার্স ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম থেকেই শুরু হবে। ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনে দলাদলি ও বিভাজন পরিহার করে খেলাধুলার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যারা খেলাধুলাকে ভালোবাসেন, তাদের ক্রীড়ার উন্নয়নে এবং যারা সংস্কৃতিকে ভালোবাসেন, তাদের সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখতে হবে।
তিনি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও টুর্নামেন্ট আয়োজনের জন্য নগর বিএনপিকে ধন্যবাদ জানিয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৪–০ গোলে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. আরিফ ও মো. ইয়াছিন ২ টি করে গোল করেন। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২–০ গোলে এগিয়ে ছিল। খেলার বেশিরভাগ সময় আধিপত্য বিস্তার করে রেলওয়ে স্কুল। তারাই ছিল আক্রমনের মূল ভূমিকায়।

খেলা শেষে উদ্বোধনী খেলার ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের মো. আরিফের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।
এদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় দলে বেশ ক’জন অছাত্র অসত্য তথ্য ও জাল কাগজ–পত্র দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ দল। এ ব্যাপারে টুর্নামেন্টে আপত্তি–নিষ্পত্তি কমিটির দায়িত্বশীল ইসমাঈল বালি বলেন, তাদের অভিযোগ আমরা পেয়েছি। তাদের অভিযোগের সপক্ষে প্রমাণের দলিল জমা দেয়ার জন্য সময় দেয়া হয়েছে। তা দেখেই সিদ্ধান্ত দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সদস্য সামশুল আলম, আবুল হাসেম বক্কর, ভোলা মিয়া, এম এ আজিজ, এ্যাডভোকেট আবদুস সাত্তার, আজিম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী, আহামেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, জয়নাল আবেদিন, মোহাম্মদ মহসীন, কামরুল ইসলাম, ইসমাইল বালি, ক্রীড়া দলের মামুন উদ্দিন মামুন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, সোহেল আহমেদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আওয়াল, মোহাম্মদ ইয়াকুব, নগর বিএনপি নেতাকর্মী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও অংশগ্রহনকারী দলের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।











