খাগড়াছড়ির আলুটিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় সৌরভ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ খাগড়াছড়ি জেলা প্রশাসকের বাংলোয় উমেদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে রিছাং ঝরনায় বেড়াতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কায় কিসলু বলেন,‘সকালে স্ত্রী প্রিয়া আক্তারকে নিয়ে রিছাং ঝরনায় বেড়াতে যান সৌরভ হোসেন। ফেরার পথে হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাটিরাঙাগামী হাইচ সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় সিএনজি চালকের পাশেই বসা ছিলেন সৌরভ। ঘটনাস্থলেই গুরুতর আহত হন সৌরভ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড় টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’ এসময় চালক পালিয়ে গেলেও হাইচ জব্দ করে মাটিরাঙার থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সৌরভ হোসেনের স্ত্রী প্রিয়া আক্তার ও সিএনজি চালকও আহত হয়েছেন।














