স্কুল মাঠে ভবন নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ২

ইউএনও-এসি ল্যান্ডের গাড়ি ভাংচুর

উখিয়া প্রতিনিধি | সোমবার , ৩ মে, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

উখিয়ায় খেলার মাঠে সরকারি ভবন নির্মাণকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল জনতা স্কুল শিক্ষকদের ওপর হামলা করে। এ ঘটনায় ৩ জন স্কুল শিক্ষকসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছলে জনতা দুই কর্মকর্তার গাড়িতে ইট-পাটকেল ছোড়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২জনকে আটক করেছে। তাঁরা হলেন- মকতুল হোছনের ছেলে আবু ছৈয়দ ফজলী (৪৮), সুলতান আহমদের ছেলে মোহাম্মদ কালু (৫২)। কক্সবাজারের ডিসি ও এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল রোববার বেলা ২টার দিকে উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত স্কুল মাঠে সরকারি ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারসহ স্কুলের শিক্ষকরা উপস্থিত হয়ে খুঁটি স্থাপনকালে উচ্ছৃংখল জনতা স্কুল শিক্ষকদের উপর হামলা চালায় ।

এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বড়ুয়া, সহকারি শিক্ষক বাবুল ও শামশুল আলম ভুলু আহত হয়। তাদেরকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জনতা স্কুলের তালা, সিসি ক্যামরা, দরজা, জানালা ভাংচুর করে। আহত এলাকাবাসীর মধ্যে দেলোয়ার (১৫), ফয়সাল (২০), হাসিনা আকতার (৩০), কবির আহমদ, মরিয়ম বেগমের (৩৫) পরিচয় পাওয়া গেছে।
সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান বলেন, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সরকারি স্কুল ভবন নির্মাণকে কেন্দ্র করে শিক্ষকদের উপর হামলা চালায় কিছু দুর্বৃত্ত। খবর পেয়ে আমি ও ইউএনও ঘটনাস্থলে গেলে তারা আমাদের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে।
ভবন নির্মাণে বাধাদানকারী মোহাম্মদ হোসেন জানিয়েছেন, একটি মহল স্কুল ও দাখিল মাদ্রাসার শত শত শিক্ষার্থীদের খেলাধুলার একমাত্র মাঠে ভবন নির্মাণে তোড়জোড় শুরু করে। এ সময় খেলার মাঠে ভবন নির্মাণে বাধা দিলে নিরীহ এলাকাবাসীর ওপর রাবার বুলেট ছোড়া হয়।

এ বিষয়ে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিলন কুমার বড়ুয়া বলেন, দুর্বৃত্তদের হামলায় সহকারী শিক্ষক বাবুল ও শামশুল আলম ভুলু গুরুতর আহত হয়েছেন। মূলত: বিদ্যালয়টি শিক্ষার্থী অনুযায়ী শ্রেণিকক্ষ না থাকায় পাঠদানে কষ্ট হচ্ছিল। তাই বিদ্যালয়ের নিজস্ব জায়গায় সরকারি ভবন নির্মাণ করতে গেলে এলাকার কয়েকজন বাধা দেয়। ভবনটি নির্মাণের পরও অবশিষ্ট জায়গায় ছাত্র-ছাত্রীরা খেলাধুলা, নামাজে জানাজা ও মাহফিল করতে সমস্যা হবে না।
উখিয়া থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযা ঘটেছিল মৃত তিমিটিকে ঘিরে
পরবর্তী নিবন্ধনগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ আজিজ