সোমালিয়ার সীমান্তের কাছে সন্দেহভাজন আল শাবাব জঙ্গিদের হামলায় কেনিয়ার নিরাপত্তা বাহিনীর পাঁচ কর্মকর্তা নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে উত্তরপূর্বাঞ্চলীয় মান্দেরা কাউন্টিতে ঘটনাটি ঘটে। সীমান্তবর্তী এলাকা আলুঙ্গুর ওয়ান্টে বাঁধ এলাকায় পুলিশের কমান্ডো বাহিনী স্পেশাল অপারেশন্স গ্রুপের (এসওজি) একটি টহল দলের সঙ্গে আল শাবাব জঙ্গিদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হলে পুলিশের একটি সাঁজোয়া যান ঘরে তৈরি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেয় জঙ্গিরা। তবে এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে তারা। খবর বিডিনিউজের।
পু্িলশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অনুসরণ করে তাদের পিছু ধাওয়া করছে। জঙ্গি গোষ্ঠী আল শাবাব বছরের পর বছর ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে আফ্রিকার শিং অঞ্চলে তাদের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। তারা প্রায়ই নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ, উভয়কে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। জানুয়ারিতে মান্দেরার নিকটবর্তী কাউন্টি গারিসায় আল শাবাব জঙ্গিদের হামলায় স্থানীয় এক গ্রাম প্রধান ও একজন শিক্ষক নিহত হয়েছিল।








