সেরা করদাতা সম্মাননার সংখ্যা কমছে, কিছু ক্ষেত্রে বাড়ছে সুবিধা

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সেরা করদাতাদের সম্মাননা দেওয়ার ক্ষেত্রে গত কয়েকবছর ধরে যে ধারা চলে আসছিল, সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে ‘জাতীয় ট্যাঙ কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ অনুযায়ী ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হত সেরা করদাতার সম্মাননা। এখন থেকে বছরে বিভিন্ন ক্যাটাগরি মিলে ৭২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হবে। একই সঙ্গে এ সম্মাননার বিপরীতে কিছু ক্ষেত্রে সুবিধাও কমিয়েছে সরকার। আবার কিছু ক্ষেত্রে সমজাতীয় সুবিধার আওতা বাড়িয়েছে। গতকাল সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগআইআরডির জারি করা ‘সেরা করদাতা সম্মাননা নীতিমালা, ২০২৬’ সংক্রান্ত প্রজ্ঞাপনে এসব তথ্য উঠে আসে। খবর বিডিনিউজের।

পুরোনো নীতিমালা অনুযায়ী একজন সেরা করদাতা বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পেতেন। এখন নতুন ‘সেরা করদাতা সম্মাননা নীতিমালা, ২০২৬’ অনুযায়ী পাবেন তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। তবে এর আওতা বাড়িয়ে রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালেও ভিআইপি লাউঞ্জ ব্যবহার সুবিধার কথা বলা হয়েছে নতুন নীতিমালায়। এছাড়াও আগে কেবল সংশ্লিষ্ট জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং নাগরিক সংবর্ধনায় সেরা করদাতাদের আমন্ত্রণের কথা বলা হয়েছে। তবে এবার সংশ্লিষ্ট জেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণের সুবিধা রাখা হয়েছে।

নতুন সেরা করদাতা সম্মাননা নীতিমালার প্রজ্ঞাপনে বলা হয়, করদাতাদের বিশেষ সম্মান, স্বীকৃতি দেওয়া এবং সব নাগরিককে কর দিতে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে নতুন নীতিমালা করা হয়েছে। এর লক্ষ্য আগের জাতীয় ট্যাঙ কার্ড নীতিমালা এবং জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময়ব্যাপী আয়কর দেওয়া করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালাকে যুগোপযোগীকরণ ও অধিকতর যৌক্তিকীকরণ করা।

কারা পাবেন সম্মাননা : সেরা করদাতা সম্মাননা দেওয়ার জন্য ব্যক্তি (বিশেষ শ্রেণি ও পেশাজীবী শ্রেণি) ও কোম্পানি (কোম্পানি ও খাতভিত্তিক কোম্পানি) ক্যাটাগরিতে সর্বমোট ৭২ জন সেরা করদাতা নির্বাচন করা হবে। এরমধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে করদাতা সম্মাননার সংখ্যা হবে ৩৩ জন। অন্যদিকে সর্বোচ্চ কর দেওয়া কোম্পানি পর্যায়ের করদাতা সম্মাননা হবে ৩৯টি। ব্যক্তিশ্রেণির করদাতাদের মধ্যে সর্বোচ্চ কর দেওয়া ব্যক্তি পর্যায়ের করদাতা সম্মাননা সংখ্যা হবে ২৪টি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগে মিলাদুন্নবী (সা.) মাহফিল