স্পোর্টিফাই ইভেন্টস–এর সার্বিক আয়োজনে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি–২০ ক্রিকেট লিগ (সিএফএল) ২০২৬ এর পর্দা উঠেছে। গতকাল ২২ অক্টোবর সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শুভসূচনা করেছে বেঙ্গল স্টারস ও আম্বিয়া গ্রুপ। দিনের প্রথম ম্যাচে বেঙ্গল স্টারস ক্রিকেট ক্লাব ৬৭ রানে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বেঙ্গল স্টারস। ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে তারা ১৭৪ রান করে। দলের আসাদুর মুন্তাসির ৫৮,রাকিবুল ইসলাম ৫৭ এবং মুমিন মিনহাজ ৩২ রান করেন। বোলিংয়ে ব্রাদার্সের পক্ষে তৌহিদুল ইসলাম ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান ইকবাল হোসেন,ওবাইদুল্লাহ ওবাইদ এবং মেহরাব খান। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ১৬.৩ ওভার ব্যাট করে ১০৭ রানে থেকে যায়। দলের পক্ষে আজমল হুদা ১৬, মো. মহিউদ্দিন ১৯ এবং ওবাইদুল্লাহ ওবাইদ ১৯ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। বেঙ্গল স্টারসের নাজমুল রাফি ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন হাবিবুন সোহেল এবং সাবেতুল ইসলাম। ১টি করে উইকেট শিকার করেন আসাদুর মুন্তাসির,শাহীদ আবদুল্লাহ এবং আরেফিন আনোয়ার। প্লেয়ার অব দি ম্যাচ হন বিজয়ী দলের ওপেনার আসাদুর মুন্তাসির।
একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে আম্বিয়া গ্রুপ ৬ উইকেটে এনএইচটি স্পোর্টসকে পরাজিত করে। টসে জিতে এনএইচটি স্পোর্টস প্রথমে ব্যাট করতে নামে। ১৯.৪ ওভার খেলে ১২৭ রানে অলআউট হয়ে যায় তারা। দলের মিনহাজ সৌরভ ৩৭,তাসরিফুল সামি ১৯ রান করেন। ১৭ রান করে যোগ করেন নাজিমুদ্দিন সাব্বির এবং সজিব উল আলম। ওপেনার আবদুল্লাহ হানিফ ১৪ রান করেন। বোলিংয়ে আম্বিয়া স্পোর্টসের পক্ষে ৩টি করে উইকেট নেন ওয়াকি উদ্দিন এবং তানভির নান্না। ১টি করে উইকেট পান নাইম চৌধুরী,রাতুল ইরফান এবং সাইদুল ইমরান।
জবাবে আম্বিয়া স্পোর্টস ১৯ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে নেয়। দলের হয়ে ওপেনার তৌসিফ ৩৫ এবং আবুল হাশেম রাজা ১৬ রান করেন। সাফায়েত ইফতি করেন ২৪ রান। সাইদুল ইমরান ২৯ এবং রতন দাশ ২৩ রান করে অপরাজিত থাকেন। এনএইচটি স্পোর্টসের পক্ষে বল হাতে ২টি উইকেট নেন মাজহারুল ইসলাম। ১টি করে উইকেট পান মাহাদাত বাবু এবং সাখাওয়াত সাইমন। প্লেয়ার অব দি ম্যাচ হন আম্বিয়া স্পোর্টসের সাইদুল ইমরান। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ এ কে এম আব্দুল হান্নান আকবর, সিকো এরিনা পরিচালক ইশমাম চৌধুরী, সাধারণ সম্পাদক, ব্রাদার্স ইউনিয়ন মাহবুবুল আলম, আম্বিয়া স্পোর্টসের স্বত্বাধিকারী আবুল হাশেম রাজা, এনএইচটি স্পোর্টসের কর্মকর্তা সরওয়ারুল আলম চৌধুরী মনি, প্রতিনিধি, স্পন্সর প্রতিষ্ঠানের আরেফিন চৌধুরী, জিবিআই স্পোর্টসের প্রধান নির্বাহী রোবায়েত হালিম, স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ও টুর্নামেন্ট কমিটির সদস্য ফজলে দাইয়ান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলরবৃন্দ মো. সিরাজুল আলম, এনামুল হক, হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাইফুল আলম খান, সোহেল আহমেদ, রায়হান উদ্দিন এবং ফারুক আহমেদ প্রমুখ।












