সেমিফাইনালে সন্দ্বীপ একাডেমি, ইসহাক কাদের চৌধুরী একাদশ

কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট আজ দুটি সেমিফাইনাল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ও ইসহাক কাদের চৌধুরী একাদশ। গতকাল বুধবার শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৫ রানে সিএস স্পোর্টস একাডেমিকে এবং ইসহাক কাদের চৌধুরী একাদশ ১১৯ রানের বিশাল ব্যবধানে চট্টগ্রাম–১১ দলকে পরাজিত করে। আজ ২৬ নভেম্বর, বৃহস্পতিবার টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল সকাল ৯টায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম আলোসিঁড়ি ক্লাব, দ্বিতীয় সেমিফাইনাল দুপুর ১টায় ইসহাক কাদের চৌধুরী একাদশ বনাম চিটাগং ক্রিকেট একাডেমির মধ্যে অনুষ্ঠিত হবে। গতকাল সকালে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুসলিম সর্বোচ্চ ৪৮,আরিফুল ইসলাম খালেদ অপরাজিত ৪০ ও সাজ্জাদ হোসেন ২৪ রান করেন। সিএস স্পোর্টস একাডেমির ইকবাল ২৩ রানে ৩টি এবং শাহরিয়ার ১৪ রানে ২টি উইকেট লাভ করেন। ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের দ্বারে এসেও জয় তুলে নিতে পারেনি সিএস স্পোর্টস একাডেমি। ৫ রান বাকি থাকতেই ১৮.১ ওভারে ১৭৬ রান তুলে অলআউট হয়ে যায় তারা। সিএস স্পোর্টস একাডেমির পক্ষে ইভান সর্বোচ্চ ৪৮, শাহরিয়ার ৪৫ ও ইকবাল অপরাজিত ২৫ রান করেন। বল হাতে সন্দ্বীপ ক্রিকেট একাডেমির তাসলিম চৌধুরী ৩১ রানে ৪টি ও মাহমুূুদুল্লাহ রানা ২৮ রানে ৩টি উইকেট পান।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সন্দ্বীপ ক্রিকেট একাডেমির তাসলিম চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, চট্টগ্রাম মোস্তাফিজুর রহমান। একই ভেন্যুতে দুপুরে অনুষ্ঠিত ৪র্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে টসে জয়লাভ করে ইসহাক কাদের চৌধুরী একাদশ প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদিকুর রহমান সর্বোচ্চ ৬১, শেখ আরমান উল্ল্যা ৩৭ ও সিজান আবদুল্লাহ ৩২ রান করেন। বল হাতে চট্টগ্রাম–১১ দলের রনি চৌধুরী ৩২ রানে ৫টি এবং অসীম সাহা ৪০ রানে ২টি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে টুর্নামেন্টের ফেভারিট চট্টগ্রাম–১১ দল ১২.১ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায়। চট্টগ্রাম–১১ পক্ষে সাইদুল ইসলাম ইমরান সর্বোচ্চ ৩২, অসীম সিনহা ১৫ ও পিনন শর্মা ১৪ রান করেন। ইসহাক কাদের চৌধুরী ক্রিকেট ক্লাবের মো. সাজ্জাদ ১৮ রানে ৫টি উইকেট দখল করেন। এছাড়া মনিরুল হক ও ইরফান হোসাইন প্রত্যেকে ২টি করে উইকেট দখল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ইসহাক কাদের চৌধুরী একাদশের মো. সাজ্জাদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবান্দরবানকে উড়িয়ে চট্টগ্রামের শুভসূচনা