সুশাসনের অভাবেই সমাজে অস্থিরতা তৈরি হয়

আইআইইউসি’র আইন বিভাগের সেমিনারে ড. হাসমত আলী

| বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী বলেছেন, আমরা সবাই সবসময় শান্তিতে থাকতে চাই। কিন্তু অনেক সময় আমাদের নিজেদের আচরণই সেই শান্তি নষ্ট করে। ‘ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র’ সব পর্যায়েই মানুষ শান্তি প্রত্যাশা করে। তবে নিজেরাই অনেক সময় এমন পরিস্থিতি তৈরি করি, যা সমাজ ও জীবনের শান্তিকে ব্যাহত করে। তাই সমাজে শান্তি বজায় রাখতে সবাইকে সহানুভূতিশীল ও দায়িত্বশীল হতে হবে। একই সাথে সমাজে সুশাসন নিশ্চিত করতে হলে জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায্যতাও প্রতিষ্ঠা অপরিহার্য। এসব উপাদান নিশ্চিত করা গেলে সমাজে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সুশাসনের অভাব হলে সমাজে অস্থিরতা তৈরি হয়। এর ফলে আন্দোলন, সহিংসতা, দমন–পীড়ন ও সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা সামগ্রিকভাবে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করা সম্ভব এবং এ লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত পিস গভর্ন্যান্স ফোরাম : শান্তি বাংলাদেশ ইনিশিয়েটিভ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস, রেস্টোরেশন অব লাইট গ্লোবাল থ্রি ব্রাঞ্চের আইপিওয়াইজি বিভাগের সমন্বয়ক জ্যাকব বে ও পিস এডুকেশন বিভাগের সমন্বয়ক বেনজামিন কিম। আইন বিভাগের সহযোগী অধ্যাপক মহি উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাইমুল আহসান খান। স্বাগত বক্তব্য দেন, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিদায়ী বার্তা দিলেন কোচ কাবরেরা