সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন : চসিক প্রশাসক

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ৩:৪৬ অপরাহ্ণ

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে “নেতৃত্বে নারী ও তরুণ : বাধা কোথায়?” শীর্ষক একটি সংলাপ ও কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সংলাপ ও কর্মশালার উদ্দেশ্য ছিল নারীদের রাজনীতিতে অংশগ্রহণে বাধা ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং রাজনৈতিক নেতৃত্বে লিঙ্গভিত্তিক মানদণ্ড নিয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা, রাঙামাটি জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ও মানবাধিকার কর্মী সুস্মিতা চাকমা ও চট্টগ্রামের কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের (সিপিবি) সভাপতি অশোক সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান। কর্মশালাটি সিজিএস’র “রাজনীতিতে নারী ও তরুণদের ক্ষমতায়ন” শীর্ষক চলমান প্রকল্পের অংশ, যা বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে জিল্লুর রহমান বলেন, তরুণরাই সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি, অথচ নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনো সীমিত। সমাজের যেকোনো অবস্থান থেকেই মানুষের সেবা করা যায়, তবে রাজনীতিতে সেই সুযোগ বেশি। কিন্তু বাংলাদেশে অনেকেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সবকিছু জয় করে নিতে চান। তরুণদের বুঝতে হবে, রাজনীতিতে অংশগ্রহণ মানে নিজেকে তৈরি না করে শুধুমাত্র স্লোগানভিত্তিক রাজনীতি করা নয়।

ডাঃ শাহাদাত হোসেন বলেন, শিক্ষাই একটি সমৃদ্ধ জাতির প্রকৃত ভিত্তি। বেগম খালেদা জিয়া তীব্র সমালোচনা ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া সত্ত্বেও তাঁর পথচলা এবং আরও অসংখ্য নারীর সাফল্য প্রমাণ করে যে, সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন। তবুও আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে: নাগরিকদের মধ্যে গভীর নাগরিক দায়িত্ববোধ তৈরি করা।

কার্যকর নেতৃত্বের জন্য শিক্ষার বিকল্প নেই, এবং আমাদের অবশ্যই এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে নতুন প্রজন্মের তরুণ নেতারা এগিয়ে আসতে ও বিকশিত হতে পারেন। গণতন্ত্রের পথচলা কখনো থামানো উচিত নয় এবং জাতীয় ঐক্যই হতে হবে আমাদের সর্বোচ্চ আদর্শ; কারণ সব কিছুর ঊর্ধ্বে আমাদের একটিই গর্বিত পরিচয় আমরা সবাই বাংলাদেশি। বাস্তবমুখী ক্ষমতায়নও অত্যন্ত জরুরি। নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মতো উদ্যোগ নেয়া হয়েছে কারণ নারীরাই পরিবারের মূল ভিত্তি, যাঁরা স্বভাবতই সঞ্চয় ব্যবস্থাপনা এবং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে জানেন। আগামী দিনের দিকে তাকিয়ে আমাদের সবচেয়ে বড় ভরসা হলো তরুণ সমাজ তারা যেন সততা ও নিষ্ঠার সাথে নেতৃত্ব দেয় এবং সর্বদা মাথা উঁচু করে রাখে।

মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, সংসদে নারী নেতৃত্ব একটি সাংবিধানিক বিষয়। জাতীয় সংসদে সরাসরি নারীদের অংশগ্রহণ শুরু করা যেতে পারে। বাংলাদেশের নাগরিক হিসেবে পার্বত্য চট্টগ্রামের মানুষেরা সব ধরনের সুযোগ-সুবিধা পেলে সবাই উপকৃত হবে। বাস্তবতা নিয়ে আমাদের কাজ করতে হবে। রাজনৈতিক চর্চা যথাযথ না থাকায় আমাদের নানা সমস্যা রয়েছে। বয়সে তরুণ যারা, আপনারা বাংলাদেশে সর্বোচ্চ নেতৃত্বে অংশগ্রহণের প্রস্তুতি নিন। ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস নিয়ে আপনারা এগিয়ে আসুন।

অ্যাডভোকেট সুস্মিতা চাকমা বলেন, সম্পত্তির অধিকার থেকে বঞ্চনা, গভীরভাবে প্রোথিত পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সীমিত সুযোগ-সুবিধা সমাজ ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণকে সংকুচিত করে রেখেছে। এমনকি ক্ষমতায় থাকা ব্যক্তিরাও প্রায়ই নারী অধিকারের কথা বললেও তা অর্থবহ পদক্ষেপে রূপান্তর করেন না। রাজনীতি হওয়া উচিত জনগণের সেবার জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিল বা দুর্নীতির জন্য নয়। একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা গেলে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে এবং নারীদের অংশগ্রহণ বাড়বে।

অশোক সাহা বলেন, নারীর প্রতি কেমন আচরণ করা হবে, তা নির্ভর করবে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির ওপর। আর এসব ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতি একটি বড় বিষয়। নারীদের প্রতি তাদের মনস্তত্ত্ব কেমন, তারা নারীদের কীভাবে দেখে, তার ওপর নির্ভর করে নারীর অবস্থান কেমন হবে। রাষ্ট্র প্রশ্রয় দেয় বলেই নারীরা বৈষম্যের শিকার হন। সবাই মিলে চাইলেই একটি সুন্দর সমাজ নির্মাণ সম্ভব।

সাগুফতা বুশরা মিশমা বলেন, রাজনীতিতে নারীদের ব্যাপক অবদান থাকা সত্ত্বেও নারীরা এখনো বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, যার শুরু হয় নিজ পরিবার থেকেই যেখানে পিতৃতান্ত্রিক মানসিকতা প্রায়ই রাজনীতিতে অংশগ্রহণকে নিরুৎসাহিত করে। নারীদের অবদানকে কেবল লোকদেখানো বা প্রতীকী প্রতিনিধিত্বের ঊর্ধ্বে উঠে মূল্যায়ন করতে হবে। নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অর্থবহ ভূমিকা প্রাপ্য। তবে অংশগ্রহণের মাধ্যমেই অভিজ্ঞতা অর্জিত হয়।

প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন ও পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। তাঁদের প্রশ্নে উঠে আসে দল থেকে পদত্যাগের পর নারী নেত্রীদের প্রতি আচরণ, নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে ক্ষমতায়ন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সীমিত অংশগ্রহণ এবং পার্বত্যg অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত সংকট। বক্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

পূর্ববর্তী নিবন্ধদনবাস ছেড়ে ইউক্রেনকে ন্যাটো সদস্য হওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র