সীতাকুণ্ডে নিখুঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি মাদ্রসার ছাত্র মো. ইসফাত হোসেন নেহালকে (১৩) । এই ঘটনায় নিখোঁজ নেহালের মা’সহ পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রাত যাপন করছেন। নিখোঁজ শিক্ষার্থী নেহাল সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ গ্রামের বাসিন্দা মোঃ রুস্তম মিস্ত্রি বাড়ির আশরাফুল হোসেনের ছেলে।
সে মুরাদপুর ইউনিয়নের পূর্ব দোয়াজীপাড়া এলাকার মদিনাতুল ইসলামী মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্র। নিখোঁজ নেহালের মা মোমেনা আক্তার বাদি হয়ে গত মঙ্গলবার সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মোমেনা আক্তার সাংবাদিকদের জানান, গত সোমবার সকালের দিকে নেহাল মাদ্রাসা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও নেহাল আর বাড়ি ফিরে আসেনি। তখন তার মাদ্রাসায় খবর নিলে নেহাল ওই মাদ্রাসায় যায়নি বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়। এর পরে স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। এদিকে নেহাল নিখোঁজের ৬ দিন অতিবাহিত হয়ে গেলেও তার সন্ধান না পেয়ে পরিবারের সকলেই শঙ্কিত রয়েছেন। এদিকে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, মাদ্রাসা ছাত্র নেহালকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে।












