সীতাকুণ্ডে একটি ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল কাইয়ুম (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম সিলেট জেলার মো. আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে নির্মাণশ্রমিক আব্দুল কাইয়ুম ভাটিয়ারী ইউনিয়নের বিজয় স্মরণী ডিগ্রি কলেজ এলাকায় মো. শাহ আলমের নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে যান। কাজের একপর্যায়ে সকাল ১০টার দিকে ভবনের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









