চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘হিস্টোলজিক্যাল মডেল ডেভেলপমেন্ট কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে সৃজনশীল ও বাস্তবভিত্তিক মডেলে রূপান্তরে উৎসাহিত করা এবং হিস্টোলজি শিক্ষাকে আরও আকর্ষণীয়, আনন্দদায়ক ও কার্যকর করে তোলার লক্ষ্যে এ ব্যতিক্রমী শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার অ্যানাটমি ল্যাবে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন টিস্যু ও অঙ্গের সূক্ষ্ম হিস্টোলজিক্যাল গঠন ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে সৃজনশীলভাবে উপস্থাপন করেন। কাদামাটি, ফোম, কার্ডবোর্ডসহ বিভিন্ন সহজলভ্য উপকরণ ব্যবহার করে তাঁরা এসব মডেল তৈরি করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ও দৃশ্যমান রূপ দেওয়ার পাশাপাশি নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ব্যবহারিক দক্ষতার পরিচয় দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন।
বক্তারা বলেন, প্রচলিত তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে–কলমে মডেল তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি পায়। বিশেষ করে হিস্টোলজির মতো অণুবীক্ষণিক গঠননির্ভর বিষয়কে ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে উপস্থাপন শিক্ষার্থীদের জটিল বিষয়গুলো সহজে অনুধাবন করতে সহায়তা করে। এ ধরনের উদ্যোগ প্রাণিচিকিৎসা শিক্ষায় আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী–কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৈরি মডেলগুলোর বৈজ্ঞানিক যথার্থতা, সৃজনশীলতা, উপস্থাপনশৈলী এবং শিক্ষামূলক গুরুত্ব মূল্যায়নের জন্য দুটি পৃথক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












