বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বিনামূল্যে জলাতঙ্ক টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। সিভাসু’র ভেটেরিনারি ক্লিনিঙের পরিচালক প্রফেসর ড. আজিজুন্নেছার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার সাঈদ পল্লব, পরিবহন দপ্তরের কো–অর্ডিনেটর প্রফেসর ড. এ. এস. এম. গোলাম কিবরিয়া এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সাবেক পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন। প্রধান অতিথি বলেন, জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ। আর এই রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই। সবাই মিলে একসাথে কাজ করলে এই রোগ নির্মূল করা সম্ভব। অনুষ্ঠানে একটি বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদানের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিকেলে ভেটেরিনারি মেডিসিন অনুষদ ও হিট উপ–প্রকল্পের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












