কাপ্তাই উপজেলায় গতকাল সোমবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে কাপ্তাই উপজেলা সভাকক্ষ ‘কিন্নরী’ মিলনায়তনে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‘ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা তথ্য বিশৃঙ্খলা মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন। প্রধান অতিথি বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য চাওয়া ও তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকার সুযোগ নেই। তথ্য চাওয়া যেমন নাগরিক অধিকার তেমনি তথ্য প্রদান করাও সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য। তবে তথ্য চাওয়ার ক্ষেত্রে এবং তথ্য প্রদানের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে। সরকারি অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা সাধারণত জনসম্মুখে আসা রাষ্ট্রের জন্য ঝুঁকি হতে পারে। কাজেই সেই রকম তথ্য চাওয়া বা পাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আবার এমন তথ্য ছড়ানো উচিত হবে না যার দ্বারা সমাজে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।













