সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)-এর উদ্যোগে বার্ষিক কমিউনিটি ডিনার ২০২৬ সিঙ্গাপুরের প্যারকরয়্যাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুর ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যকার সৌহার্দ্য ও সম্প্রীতি উদযাপন ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরের সংস্কৃতি, সম্প্রদায় ও যুব এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মিসেস দিনেশ বাসু দাশ। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স লুৎফুন্নাহার। সিঙ্গাপুর ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ৪৫০ জনেরও বেশি অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি বাংলাদেশি কমিউনিটির বড় মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতে এসবিএসের সভাপতি প্রকৌশলী আলতাফ হোসাইন অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করাই এসবিএসের অন্যতম প্রধান লক্ষ্য। সিঙ্গাপুর সরকারের সহযোগিতা এবং বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সুসম্পর্কের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করার প্রত্যয়ও তিনি ব্যক্ত করেন।

প্রধান অতিথি দিনেশ বাসু দাশ তাঁর বক্তব্যে সিঙ্গাপুরের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রশংসা করেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এসবিএসের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রশংসা করে তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি লুৎফুন্নাহার সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ঐক্য, শৃঙ্খলা ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ধারণের ক্ষেত্রে কমিউনিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসবিএসের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করে তিনি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসবিএসের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চৌধুরী মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বাংলাদেশের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের সঙ্গে আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন অটুট রাখতে হবে। একই সঙ্গে কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
এসবিএসের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জি এম সালাউদ্দিন অনুষ্ঠান সফল করার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাংলাদেশ হাইকমিশন, এসবিএসের সদস্য, কমিউনিটির নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও আয়োজক কমিটির সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি চার দশকেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সময়ের সঙ্গে সংগঠনের দায়িত্ব ও কার্যক্রমের পরিধি বেড়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী দিনেও সিঙ্গাপুরের মূলধারার সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কমিউনিটির কল্যাণে এসবিএস আরও কার্যকর ভূমিকা রাখবে।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি সিঙ্গাপুরে বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন। দীর্ঘ পথচলায় সংগঠনটি সামাজিক কল্যাণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কমিউনিটি উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। বার্ষিক কমিউনিটি ডিনার ২০২৬-এর মধ্য দিয়ে এসবিএস আবারও ঐক্য, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশ-সিঙ্গাপুরের বন্ধুত্ব আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
অনুষ্ঠানের শেষ পর্বে নৈশভোজ, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন সন্ধ্যার সমাপ্তি ঘটে।












