মীরসরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন উপজেলার সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধন করেছেন। পরে তিনি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। গতকাল মঙ্গলবার বিকেলে সাহেরখালী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান নুর হোসেন। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সালাহ উদ্দিন আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এমপি বলেন, ৭১–এর পরাজিত শক্তিরা সরকারকে উৎখাতের চেষ্টা করছে। জনগণ সেই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে। বিএনপির সহযোগিতায় আপনারা বিরোধী দলের ভূমিকা পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের গাড়িতে রাষ্ট্রীয় পতাকা লেগেছে। অথচ আজ আপনারাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে দুইটি আসন পেয়েছিলেন। বিনিময়ে আপনাদের নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে। এখন আবার ২০২৪ সালের পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে। রাষ্ট্রের অনেক কাজ বাকি। আওয়ামী লীগ রাষ্ট্রের প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে তাদের লোক ঢুকিয়েছে। সময় নিয়ে ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে হবে। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করা হবে। দেশের মানুষের মুখে হাসি ফোটানো হবে। দেশের স্বাধীনতাও রক্ষা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। এছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী, দিদারুল আলম মিলন, বদরুদৌজা, কামাল পাশা ও মাহমুদুল হক, যুবদল নেতা হারুন উর রশীদ ও এস এম সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, মাহফুজ চৌধুরী ও শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, নুর উদ্দিন, শাহজাহান খোকন ও মো. হোসেন এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম চৌধুরী ও নজরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য নাজমুল করিম, নাজিম উদ্দিন, এফ কে জাহেদ, ডা. নাসির, ডা. জসিম, জদু মিয়া, আদনান মাহমুদ চৌধুরী, নুর উন নবী, নাজমুল হক চৌধুরী, কামাল উদ্দিন, আবদুল্লাহ কিরন, আনোয়ার হোসেন এবং নাঈম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।












