বর্তমানকালে যে সামাজিক অবক্ষয় ঘটছে, সেখানে কারাতে হতে পারে এক নম্বর অবলম্বন। কারাতে শিক্ষা আমাদের দেশের শিশু–কিশোর–তরুনদের শারীরিক ও মানসিক উন্নতিতে ভূমিকা রাখতে পারে। গতকাল শুক্রবার চট্টগ্রামে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক।
বাংলাদেশ কারাতে ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশন (এসকেআইএফ) বাংলাদেশ এর উদ্যোগে বিশেষ কারাতে প্রশিক্ষণ সেমিনার গতকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ সিজেকেএস জিমনেসিয়ামে সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক সাঈদ নুরুজ্জামান।
এর আগে সকালে সিজেকেএস জিমনেশিয়ামে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বর্তমান সময়ে কারাতে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কারাতে আত্মরক্ষা, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সিজেকেএস জিমনেশিয়ামে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রথম থেকে দশম স্থান অর্জনকারী চট্টগ্রামের কারাতেকাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী এ বিশেষ সেমিনারে প্রধান প্রশিক্ষক শিহান মানাবু মুরাকামি অংশগ্রহণকারী কারাতেকাদের বিভিন্ন কারাতে কৌশল, প্রশিক্ষণ পদ্ধতি এবং সোতোকান কারাতের মৌলিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেন। বিশ্বখ্যাত কারাতে প্রশিক্ষক শিহান মানাবু মুরাকামি (৮ম ডান)-এর অধীনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেআইএফ বাংলাদেশের সহ–সভাপতি ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহাজাদা আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেআইএফ বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য শেখ দিদারউদ্দিন, ইকবাল আহমদ খান, সিনিয়র কারাতেকা আবু মাসুদ, সরওয়ার খসরু, আবু সুফিয়ান ঝিনুক এবং সিজেকেএসের কারাতে প্রশিক্ষক আরিফ চৌধুরী।
সমাপনী বক্তব্যে সভাপতি শাহাজাদা আলম সেমিনারে অংশগ্রহণকারী প্রশিক্ষক ও কারাতেকাদের ধন্যবাদ জানান এবং চট্টগ্রামে কারাতে চর্চার প্রসার ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও প্রধান প্রশিক্ষকসহ অন্যান্য অতিথিরা সেমিনারে অংশগ্রহণকারী কারাতেকাদের মাঝে সনদপত্র প্রদান করেন। বিশ্বখ্যাত কারাতে প্রশিক্ষক শিহান মানাবু মুরাকামির সরাসরি প্রশিক্ষণে আয়োজিত এ বিশেষ সেমিনারে চট্টগ্রামের প্রায় ২৫০ মত অংশগ্রহণ করেন।













