ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি–১। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। খোকনকে জুলাই আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত রিমান্ডের আদেশ দেন। খবর বিডিনিউজের।
সাঈদ খোকনকে আদালতে তোলার সময় তাকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে এ দৃশ্য দেখা গেছে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। সাঈদ খোকনের পক্ষে সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।
রিমান্ড আবেদনে দাবি করা হয়, আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র–জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে তদন্তকালে প্রকাশ পায়। তার হুকুমে ও পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য নির্বিচারে সাধারণ ছাত্র–জনতার ওপর হামলা চালায়। সাঈদ খোকন আন্দোলন দমনের জন্য অর্থ এবং অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেছেন।
তার সঙ্গে এখনো আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাকর্মীদের যোগাযোগ থাকার সত্যতা পাওয়া যাচ্ছে। এ আসামি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ব্যাপক পরিকল্পনা করছে বলে তথ্য পাওয়া যায়। তাকে আটক করা সম্ভব হলেও তার সহযোগী পলাতক শীর্ষ নেতাকর্মীরা এখনো আত্মগোপনে রয়েছে।
মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম ছিল।
অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসির মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা–৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।












