চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি টেঙির ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় টেক্সি চালকসহ আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাতকানিয়ার পাঠানীপুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের শান্তিবাজার এলাকার আহমদ নবীর ছেলে মো. রিয়াদ (২৫) ও চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকার কেশব চক্রবর্তীর ছেলে রিগেন চক্রবর্তী (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে কঙবাজারমুখী স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি দূরপাল্লার বাস একইমুখী অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী একটি সিএনজি টেঙিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় টেঙিটি দুমড়ে–মুচড়ে যায় এবং টেঙিতে থাকা ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া গুরুতর আহত হন চালকসহ আরো ৪ জন।
ঘটনার পর উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে সাতকানিয়া থানা ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কেরানীহাট এলাকা থেকে বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে।
তিনি আরো বলেন, দুমড়ে–মুচড়ে যাওয়া টেঙিটিও ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











