চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগে উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য এমপি সরোয়ার আলমগীর। গত মঙ্গলবার বিকেলে আকস্মিক পরিদর্শনে গিয়ে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করার প্রমাণ পেয়ে তিনি ক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশনা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফটিকছড়ির বিভিন্ন নির্ধারিত রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি শেষ করে ফিরছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। পথে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের জুবলি স্কুল সংলগ্ন ঝুঁকিপূর্ণ অংশে চলমান সড়ক প্রশস্তকরণ কাজ দেখে তিনি গাড়ি থামিয়ে তা পরিদর্শন করতে নামেন।
পরিদর্শনকালে এমপি দেখতে পান, সড়কের কাজে যেখানে নির্ধারিত নিয়মে বালু দেওয়ার কথা, সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান বালুর বদলে মাটি ব্যবহার করছে। সরকারের উন্নয়ন কাজে এই ধরনের প্রকাশ্য অনিয়ম ও চরম গাফিলতি দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি ঘটনাস্থলেই কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।
এ বিষয়ে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, এমপি সাহেবের এই আকস্মিক পরিদর্শনে সড়ক কাজের বড় ধরনের ফাঁকি ও দুর্নীতি হাতেনাতে ধরা পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে টেকসই কাজ নিশ্চিত করতে তারা প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানান। সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানান, জনগণের ট্যাঙের টাকায় বাস্তবায়িত উন্নয়ন কাজে কোনো ধরনের দুর্নীতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না। এই কাজের অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।











