সাইবার নিরাপত্তা নিশ্চিতে সিএমপির সাইবার সাপোর্ট সেন্টার

অভিযোগের ধরন অনুযায়ী তাৎক্ষণিক পরামর্শ : কমিশনার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ জুন, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

নগরবাসীর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার চালু করেছে সিএমপি। গতকাল মঙ্গলবার সকালে সিএমপির সদর দপ্তরে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এ সেন্টার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের মাধ্যমে অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি এবং অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। অভিযোগের ধরন অনুযায়ী ভুক্তভোগীদের তাৎক্ষণিক করণীয় বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে। এছাড়া সাইবার অপরাধ সংক্রান্ত স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা করা হবে।

তিনি বলেন, কেন্দ্রটি পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সহায়তা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (ট্রাফিকপশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপপুলিশ কমিশনার (ট্রাফিকদক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপপুলিশ কমিশনার (এসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ডিবিবন্দর) কাজী মো. আবদুর রহীম, উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন এবং কাউন্টার টেরোরিজম বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ বদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ মানুষের আস্থা অর্জন করেই জন-প্রত্যাশা পূরণ করতে হবে
পরবর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান স্মৃতি ক্রীড়া উৎসবে দ্বিতীয় দিনের খেলার ফলাফল