সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে (কেমব্রিজ সিনিয়র শাখা) উৎসবমুখর পরিবেশে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি উৎসব ২০২৬-২৭’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর প্রোগ্রামিং প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক বিভিন্ন বিভাগে অংশ নেয়। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় আন্তঃহাউস বিজ্ঞান কুইজ, যেখানে ইউনিকর্ন, ড্রাগন, ফিনিক্স ও গ্রিফিন-চারটি হাউস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১০ সেপ্টেম্বর সমাপনী দিনে উৎসবের অন্যতম আকর্ষণ বিজ্ঞান মেলা ও রুবিকস কিউব প্রতিযোগিতা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন। বিচারক ছিলেন চবির সহকারী অধ্যাপক ড. জান্নাতুল নাঈমা, চবির ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল আজিম, চবির পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের নির্বাহী পরিচালক জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠি এবং জুনিয়র স্কুলের অধ্যক্ষ ড. নীতি ত্রিপাঠি উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে নির্বাহী পরিচালক প্রধান অতিথিকে পুষ্পস্তবক দিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানান। পরে উৎসবের বিভিন্ন আয়োজনের ওপর নির্মিত ভিডিও প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়া হয়। চারটি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথি ও বিচারকেরা।
কেমব্রিজ সিনিয়র শাখার সেকশন কো-অর্ডিনেটর প্রাণেশ রঞ্জন দাশের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সপ্তাহব্যাপী এ আয়োজনটি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ, অনুসন্ধিৎসা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।












