সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ : অর্থমন্ত্রী

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করতে হবে

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ওপেন গভর্নেন্স বা খোলামেলা শাসনব্যবস্থার জন্য সকল পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা অপরিহার্য। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ, আর স্মার্ট রাজনীতি করতে চাইলে সেই সমালোচনাকে কাজে লাগানো সহজ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও নগদের উদ্যোগে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের।

মন্ত্রী বলেন, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া এই স্বীকৃতি সাংবাদিকতায় গুণগত পরিবর্তন এবং মানোন্নয়নে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করবে। তিনি বলেন, অনেক সাংবাদিক আছেন যারা সমাজে অনেস্ট ব্রোকার বা সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। সত্য তুলে ধরে জনগণকে অবগত করা এবং জাতি ও রাষ্ট্রের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে পথনির্দেশনা দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের। একটি নিরপেক্ষ ও স্বচ্ছ প্যানেলের মাধ্যমে আজকের এই পুরস্কার সাংবাদিকতার প্রশ্নবিদ্ধ জায়গাগুলো থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ ধাপ। অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সিটিজেন জার্নালিজমের উত্থানে গণমাধ্যমের বর্তমান বিস্তৃতি বেড়েছে। যার জন্য সাংবাদিকতার ক্ষেত্র অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রভাব। এই জটিল বাস্তবতায় মানুষের কাছে সঠিক তথ্য ও সংবাদ গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার সাথে পৌঁছে দেওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন। তাই সাংবাদিকতাকে আরও বিশ্বাসযোগ্য করা সময়ের দাবি।

আমির খসরু বলেন, একজন মন্ত্রী বা সরকার হিসেবে আমার নিজস্ব, দলীয় বা প্রাতিষ্ঠানিক ফিডব্যাক থাকলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাংবাদিকদের কাছ থেকে স্বাধীন ফিডব্যাক অত্যন্ত জরুরি। একইসঙ্গে সাংবাদিকদেরও নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ইন্টিগ্রিটি বজায় রাখা দরকার। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসঙ্গে বস্তুনিষ্ঠভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিককে অভিনন্দন জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপাইকারি বিক্রি বেশি, এখনো খুচরায় কম
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা